গৃহায়ণ ও গণপূর্তসচিব থাকাকালে স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
দুদকের উপপরিচালক যতন কুমার রায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা (নম্বর ৮, ৯ ও ১০) করেন। মামলাগুলোতে ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় (অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপরাধ) অভিযোগ আনা হয়েছে। এর আগে বেলা তিনটায় দুদকের নিয়মিত সভায় এ তিন মামলার অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে খোন্দকার শওকত হোসেন অভিযোগ করে বলেন, ‘অনুসন্ধান অসমাপ্ত রেখেই এ মামলা করা হয়েছে। অন্য সবাইকে বাদ দিয়ে শুধু আমাকেই কেন আসামি করা হলো?’
৮ নম্বর মামলার এজাহারে বলা হয়েছে, রাজউকের উত্তরা আবাসিক প্রকল্পের ১৪ নম্বর সেক্টরে খোন্দকার শওকত হোসেনের মা জাকিয়া আমজাদ প্রথমে এক ব্যক্তির লিজপ্রাপ্ত তিন কাঠার প্লট কেনেন। সেটি বিমান উড্ডয়ন জোনের অন্তর্ভুক্ত উল্লেখ করে অন্যত্র পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে জাকিয়া আমজাদ রাজউকে আবেদন করেন। পরে তাঁকে ১৩ নম্বর সেক্টরে পাঁচ কাঠার একটি প্লট বুঝিয়ে দেওয়া হয়। যদিও রাজউকের বিধি অনুযায়ী, প্লট পরিবর্তন করে ওপরের স্তরে বরাদ্দ করার এবং প্লটের আয়তন বাড়ানোর কোনো নিয়ম নেই।
৯ নম্বর মামলার এজাহারে বলা হয়েছে, খোন্দকার শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। সেটাকে অনিয়মের মাধ্যমে তিন কাঠা থেকে পাঁচ কাঠায় রূপান্তর করেন। সেখান থেকে দুই কাঠা জমি বিক্রি করে দেন। পরে তিনি ওই জমি ডেভেলপমেন্টের জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন।
১০ নম্বর মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে তিনি স্ত্রী ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা খানমের নামে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে প্রথমে ১০ কাঠা এবং পরে তা সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন।
শওকত হোসেন ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
দুদকের সূত্র জানায়, সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা (যতন কুমার রায়) গত ১৬ মার্চ কমিশনে জমা দেওয়া প্রতিবেদনে খোন্দকার শওকত হোসেন, তাঁর স্ত্রী, মাসহ ২০ জনের নামে মামলা করার সুপারিশ করেছিলেন। তবে কমিশন শুধু সচিবের নামে মামলার অনুমোদন দিয়েছে।
জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, প্লট বরাদ্দের অনিয়মে মূল আসামি সচিব খোন্দকার শওকত হোসেন। কারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এসব প্রকল্পে একটি পরিবারের জন্য কেবল একটি প্লটই বরাদ্দের নিয়ম রয়েছে। সেখানে সচিবের মা ও স্ত্রী যদি পৃথক আবেদন করেন, তা নিশ্চয় সচিবের অজান্তে নয়। তাই মূল আসামি হিসেবে তাঁর নামে মামলা করা হয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে রাজউকের চেয়ারম্যানসহ অন্য যাঁদের নামে মামলার সুপারিশ করা হয়েছিল, তদন্তকালে তাঁদের সম্পৃক্ততা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদনে অপর যে ১৭ জনের নামে মামলার সুপারিশ করা হয়েছিল, তাঁরা হলেন রাজউকের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক দুই চেয়ারম্যান মো. শহীদ আলম ও মো. আজিজুল হক, সাবেক বোর্ড সদস্য কে এ এম হারুন, মো. নাসির উদ্দিন, রেজাউল করিম তরফদার, নাজমুল হাই, রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান, বর্তমানে উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আখতার হোসেন ভূঁইয়া, বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. আনোয়ারুল ইসলাম সিকদার, খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক এম মাহবুব উল আলম, রাজউকের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও মো. শামসুল আলম, কর্মকর্তা মো. শওকত আলী, শাহ মো. ছদরুল আলম, মো. আবু মুসা, এ কে এম আহসান ইকবাল ভূঁইয়া। প্রতিবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে এবং ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে সচিবসহ এই সরকারি কর্মকর্তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এই দুর্নীতি করেছেন। এই বোর্ড সদস্যরা ২০০৫, ২০১০ ও ২০১১ সালে রাজউকের বোর্ড সদস্য ছিলেন। আজিজুল হক ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত রাজউকের চেয়ারম্যান ছিলেন।
যতন কুমার রায়ের এ অনুসন্ধান তদারক করেন দুদকের মহাপরিচালক মো. জিয়াউদ্দিন ও পরিচালক আবু তোরাব।