ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় সালদা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসসংযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবির বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন সর্বদলীয় গ্যাসসংযোগ বাস্তবায়ন কমিটির নেতারা।বৈঠকটি ফলপ্রসূ না হওয়ায় আজ রোববার থেকে দুই দিন সালদা গ্যাসক্ষেত্র এলাকায় অর্ধদিবস করে অবস্থান ধর্মঘট কর্মসূচি বহাল রাখা হয়েছে।গতকাল শনিবার বিকেলে ওই গ্যাসক্ষেত্র এলাকায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, যুগ্ম সচিব শেপাউল আলম, পেট্রোবাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুর্তুজা আহাম্মদ ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর, কসবা সর্বদলীয় গ্যাসসংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, কমিটির সদস্যসচিব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক, কমিটির উপদেষ্টা স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম প্রমুখ। বৈঠক শেষে গ্যাসসংযোগ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আমরা হতাশ।’ কমিটির অপর যুগ্ম আহ্বায়ক ইকলিল আজম বলেন, মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন বন্ধ হবে না। কাগজপত্রে গ্যাস সংযোগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।কমিটির সদস্যসচিব মনিরুল হক বলেন, ‘বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গত বৃহস্পতিবার ঘোষিত অবস্থান ধর্মঘট কর্মসূচি বহাল রাখা হয়েছে। গ্যাসসংযোগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ৩০ নভেম্বর সমাবেশের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, সালদা গ্যাসক্ষেত্রের চতুর্থ কূপের খননকাজ শিগগিরই শুরু হবে। জরিপ করে সেখানে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে কসবায় গ্যাসসংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সারা দেশে এখন গ্যাসসংকট চলছে। চট্টগ্রামে গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ রয়েছে। সালদা গ্যাসক্ষেত্র থেকে শিগগিরই গ্যাস উত্তোলন করে চট্টগ্রামে পাঠানো হবে।