সচেতন না হলে রোগী অন্ধত্বের শিকার হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস রোগীর নিয়মিতভাবে চোখ পরীক্ষা করতে পারে। কারণ, সচেতন না হলে একজন ডায়াবেটিস রোগী অন্ধত্বেরও শিকার হতে পারেন। গতকাল সোমবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম। স্বাগত বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।
অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল তাঁর সেবার জন্য একটি মডেল হাসপাতালে পরিণত হয়েছে। এই হাসপাতালকে ডায়াবেটিক কলেজে রূপান্তরে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় ‘অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’। ডায়াবেটিস চোখের ক্ষতি করতে পারে। ডায়াবেটিস রোগ ও করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সহসভাপতি এস এম শওকত হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য আবিদা মোস্তফা, জীবন সদস্য মো. রাকিবুল ইসলাম প্রমুখ।