সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘র্যাবের সাফল্যে জনগণ নিরাপদ’, ‘সুস্থ ও সুন্দর সমাজ গঠনে র্যাবকে দরকার’, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে র্যাবের বিকল্প নেই’, ‘চাঁদাবাজ-সন্ত্রাস নির্মূলে র্যাব চাই’, ‘র্যাবের কোনো বিকল্প নেই’।জাতীয় প্রেসক্লাবের সামনে এসব প্ল্যাকার্ড নিয়ে গতকাল সোমবার একটি মানববন্ধন হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি হয়। তবে আগত ব্যক্তিরা জানিয়েছেন, মহানগর যুবলীগের (উত্তর) নেতারা তাঁদের এই মানববন্ধনে নিয়ে এসেছেন। কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত মহানগর উত্তরের নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজকেরা দাবি করেন, প্রথম আলো ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এবং একটি কুচক্রী মহল র্যাবকে ধ্বংস করতে চায়। তাই প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও ফাঁসিও চান তাঁরা। গতকাল দুপুর ১২টায় এই মানববন্ধন শুরু হলেও সকাল নয়টা থেকেই প্রেসক্লাবের সামনে লোকজন নিয়ে উপস্থিত ছিলেন যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে নানা বয়সের অন্তত ৫০ জন মানুষ সেখানে আসেন। এই দলে ছিল কিশোররাও। তাদের একজন জানায়, মিরপুর থেকে যুবলীগের ভাইয়েরা র্যাবের পক্ষে মানববন্ধন করতে তাকে এখানে এনেছেন।মানববন্ধন শুরু হলে মাইক হাতে বক্তব্য শুরু করেন একজন। অন্যরা জানালেন, তাঁর নাম সিদ্দিক বিশ্বাস। তিনি যুবলীগ উত্তরের সদস্য। প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করে বক্তব্য দেন তিনি। এ সময় অনুষ্ঠানের আয়োজক ইসমাইল হোসেন সামনে দাঁড়িয়ে ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, তাঁর নাম ইসমাইল হোসেন। মানববন্ধনে অংশ নেওয়া আবুল কালাম বলেন, তিনি মিরপুর-৭ এলাকার ভাঙারি ব্যবসায়ী। গলায় ঝোলানো প্লাকার্ডে কী লেখা আছে জানেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না কী লেখা। এখানে আসার পর এটা আমাকে দেওয়া হয়েছে।’ তাঁর প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও ফাঁসি চাই’। মানববন্ধনে অংশ নেওয়া শরিফ জানান, তিনি একজন পরিবহন ব্যবসায়ী। মিরপুরে থাকেন। যুবলীগের নেতারাই তাঁকে এখানে নিয়ে এসেছেন।আবুল কালাম জানান, মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া, কাফরুল এলাকা থেকে যুবলীগের নেতারা সবাইকে নিয়ে এসেছেন। কারওয়ান বাজার থেকে মোস্তফা নামের একজন এনেছেন ৩০ জনকে। মানববন্ধনে অংশ নেওয়া পল্লবীর প্যারিস রোডের বাসিন্দা আলমগীরের ছেলে রাজমিস্ত্রির সহকারী মোশারফ হোসেন (১৭) বলে, ‘আইজ কাজ আছিল না। সেলিম ভাই আমারে ডাইক্যা আনছে। কিন্তু কোনো কারণ বলে নাই।’ কিশোর রিয়াজুল ইসলাম (১৫) নিজেকে মিরপুর বাংলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র বলে জানায়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল দিনমজুর শ্রেণীর, বয়স ১৫ থেকে ২০। প্রথম আলোর বিরুদ্ধে মানববন্ধনের বিষয়টি আগে থেকে তারা জানত না বলে জানায়।অনুষ্ঠানের আয়োজকদের একজন নিজের নাম বাবুল বলে দাবি করেন। তিনি জানান, জঙ্গি দমনে র্যাবের ভূমিকা রয়েছে। ভুল বোঝাবুঝিতে লিমন পা হারিয়েছে। এদের বিস্তারিত তথ্য নেওয়ার একপর্যায়ে আয়োজকেরা মানববন্ধন সংক্ষিপ্ত করেন। তাঁরা দ্রুত ভাড়া করা লোকদের ট্রাকে তুলে এলাকায় পাঠানোর ব্যবস্থা করেন। মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে যুবলীগ উত্তরের সভাপতি আবুল বাশার বলেন, যুবলীগ এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিল না। নেতাদের কেউ অংশ নিয়ে থাকলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।