সচেতনতা ও পুনর্বাসনে এনজিওদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনগত সহায়তা পাওয়া মানুষের অধিকার। আইনগত এই সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ব্যক্তির পুনর্বাসনে বেসরকারি সংস্থাগুলোর কাজ করার সুযোগ রয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৭ উদ্‌যাপন উপলক্ষে ‘সুপ্রিম কোর্টে আইন সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় আজ বুধবার আলোচকেরা এসব কথা বলেন।
সেই সঙ্গে পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে বাজেটে বরাদ্দ রাখা বা একটি তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেছেন, মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। মানুষ আইনগত সেবা পাচ্ছে কি না, তা তদারকিও করতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষ যাতে সুবিধাটা পায়, তা নিশ্চিত করতে হবে। সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে।
সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ওই মতবিনিময় সভার আয়োজন করে। অভিজ্ঞতা বর্ণনা করে কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, একজন ১৫ বছর ধরে কারাগারে আছে, সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ। ১৫ বছর পরে আত্মীয়স্বজনেরা তাকে নিতে চাচ্ছেন না। বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘বেসরকারি সংস্থাগুলোর এ বিষয় নিয়ে (সামাজিক পুনর্বাসন) যথেষ্ট কাজ করার সুযোগ আছে। প্রচারণা বিষয়ে এতগুলো এনজিও আছে, আপনারা যদি কাল থেকে নিজেদের নেটওয়ার্কে সব জায়গায় বলে দেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আইনগত সহায়তা দেওয়া হয়, তাহলে এই বার্তাটি পৌঁছে যাবে।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, আইনগত সহায়তা একটি অধিকার। দেশের নাগরিকদের এটি অধিকার। এটি কারও বদান্যতা না। একটি গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ দেশের মানুষের এই অধিকারগুলো দেবে। তিনি বলেন, সামনে বাজেট আসছে, এনজিওগুলো কাজ করে তাদের প্রজেক্ট শেষ হয়ে যায়। কারাগারে বন্দীদের রাখার জায়গা হচ্ছে না, পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না। দীর্ঘদিন পর মানুষটি বের হওয়ার পর সামাজিক স্টিগমায় ভোগেন। এ ব্যাপারে সরকারের বাজেটে একটা বরাদ্দ থাকতে হবে, কেননা এই সরকার সামাজিক নিরাপত্তার জন্য অনেকগুলো কাজ করেছে। ওই কাজগুলোর সঙ্গে যদি এটিও যোগ করে, তাহলে যে সমন্বিত লিগ্যাল সার্ভিস দিতে চাইছি, তা সবাইকে দিতে পারব।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সচেতনতা বেড়েছে লিগ্যাল এইড নিয়ে, এরপরও সচেতনতা বাড়ানোর সুযোগ আছে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, উদ্যোগ সম্পর্কে জানাতে প্রচারণা জন্য মানবাধিকার সংস্থা কাজ করতে পারে। পুনর্বাসন আসলে তাদের অধিকার, এটি যাতে নিশ্চিত হয়। এ জন্য অর্থের ব্যবস্থা করতে হবে। তা সরকারকে করতে হবে।
সভায় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমীন মুরশিদ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ বক্তব্য দেন।