সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে ডায়াবেটিস বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে স্বাস্থ্যবিষয়ে বিশেষ করে ডায়াবেটিস ও হূদরোগের ব্যাপারে সচেতন করতে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে পাঠ্যপুস্তকে বিশেষ রচনা অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সরকার।গতকাল বৃহস্পতিবার বারডেম হাসপাতালে ‘ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে প্রায় ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোগী বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ এ সংখ্যা এক কোটি ১১ লাখে পৌঁছাবে।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার পাঠ্যসূচিতে পরিবর্তন আনার যে কাজ শুরু করেছে, তাতে স্বাস্থ্যশিক্ষা গুরুত্ব পাচ্ছে। তবে পাঠ্যসূচি প্রণয়নে আরও দুই বছর সময় লেগে যেতে পারে। তিনি বলেন, আগামী দু-তিন মাসের মধ্যে স্কুলের শিক্ষকদের কাছে এ সম্পর্কিত নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে। তাতে ইভ টিজিং, মাদকাসক্তি, উগ্রবাদ এসব সমস্যার পাশাপাশি স্বাস্থ্য-সম্পর্কিত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হচ্ছে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ডায়াবেটিস দিসব পালনের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, এখন ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় নীতিমালা বিশেষ প্রয়োজন।ডায়াবেটিক সমিতি একটি নীতিমালার খসড়া তৈরি করেছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর কাছে তার একটি অনুলিপি দেওয়া হয়। নীতিমালায় ফাস্ট ফুড, কোমল পানীয় এবং ধূমপানের ক্ষতি, স্কুল-কলেজগুলোয় খেলার মাঠ থাকা বাধ্যতামূলক করা, এলাকাভিত্তিক ওয়াকিং ক্লাব, সুইমিং ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠায় সহযোগিতা করা, নতুন প্লট তৈরির সময় পর্যাপ্ত রাস্তা তৈরির বিধান রাখার কথা বলা আছে। সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, একবার ডায়াবেটিস হলে চিকিৎসা আজীবন চলতে থাকে, আর এ চিকিৎসা বেশ ব্যয়বহুলও বটে। তাই স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে রোগ প্রতিরোধে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে নির্মিত আবদুল্লাহ আল মামুন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, সচেতনতামূলক পুস্তিকা, লিফলেট ও গানের সিডি অনুষ্ঠানে বিতরণ করা হয়।