সচেতনতা বাড়ানো গেলে অ্যাসিড-সন্ত্রাস কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো গেলে দেশে এই অপরাধ কমে আসবে। এর পাশাপাশি দরকার নৈতিক মূল্যবোধ চর্চার। নিজ নিজ অবস্থান থেকেও রুখে দাঁড়াতে হবে এই অপরাধের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় অ্যাসিড-সন্ত্রাসবিরোধী মানববন্ধন। কর্মসূচিতে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। কর্মসূচিতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বক্তারা অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীর নরক যন্ত্রণাময় জীবন ও অ্যাসিড-সন্ত্রাসীর ভয়ংকর পরিণতির কথা তুলে ধরেন। অ্যাসিড-সন্ত্রাস নির্মূলে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকার প্রধান সড়কে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় জয়পুরহাট উদীচী শিল্পীগোষ্ঠী, বাউল সাংস্কৃতিক সংগঠন, জেলা সিপিবি ও ন্যাপ। জামালপুরের সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের শিমলা বাজার এলাকায় সকালে মানববন্ধন হয়।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে সকালে আধঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়া বন্ধুসভার আয়োজনে মানববন্ধন হয় বিকেল সাড়ে চারটায় শহরের থানা মোড়ের বক চত্বরে। আধঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাসিড-সন্ত্রাসকে রুখতে সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি যত্রতত্র অ্যাসিডের বেচাকেনা নিয়ন্ত্রণ করতে হবে। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকালে মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বন্ধুসভার সদস্যরা।
‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস’ স্লোগান সামনে রেখে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলো অনেক আগে থেকেই এ জেলায় অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে। অ্যাসিড-আক্রান্তদের নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে সকালে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, অ্যাসিড-সন্ত্রাস রুখতে পরিবার ও সমাজের ভালো কাজের সঙ্গে সন্তানদের যুক্ত করতে হবে। সন্তানদের সময় দিতে হবে। পরিবারে সৃজনশীল চর্চা বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, অ্যাসিড-সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করছে। স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত, বিচারহীনতার সংস্কৃতি ইত্যাদি কারণে অ্যাসিড-সন্ত্রাসসহ নারী নির্যাতনের মাত্রা বাড়ছে।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাসিড-সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই সচেতন হলে এই অপরাধ কমবে। পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলো পত্রিকা শুধু সংবাদ পরিবেশন করেই তাদের দায়িত্ব শেষ বলে মনে করে না। মাদক, সন্ত্রাস ও অ্যাসিডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলে। যাঁদের ওপর অ্যাসিড ছোড়া হচ্ছে বা হয়েছে, তাঁরা আমাদেরই কারও না কারও মা-বোন বা অন্যান্য স্বজন। তাই আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম ও নগরের সর্বত্র অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন করে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন কুমিল্লার বিশিষ্টজনেরা। বিকেলে কুমিল্লা টাউন হলের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ তাগিদ দেন।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।