প্রচার ও সামাজিক সচেতনতা বাড়িয়ে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব। তবে আত্মহত্যা রোধে সরকারি পর্যায়ে জাতীয়ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি নেই। সরকারের কর্মসূচি শুধু চিকিৎসাকেন্দ্রিক।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আত্মহত্যার প্রবণতা কমানো যে সম্ভব, তার প্রমাণ পাওয়া গেছে ঝিনাইদহে। দেশের সবচেয়ে আত্মহত্যাপ্রবণ এ জেলায় একটি বেসরকারি সংগঠন এই সচেতনতামূলক কাজ করছে। তাদের কর্ম এলাকার পরিসংখ্যান সেখানে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, দেশে প্রতিবছর ১০ হাজার ১৬৭ জন আত্মহত্যা করে। সংস্থাটির ২০১২ সালের হিসাব অনুযায়ী, দেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৭ দশমিক ৮ জন আত্মহত্যা করে।
সংখ্যার দিক থেকে আত্মহত্যার ভয়াবহতা বোঝানোর জন্য কেউ কেউ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাকে এর পাশাপাশি দাঁড় করিয়েছেন। পুলিশের হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশে চার থেকে পাঁচ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। অর্থাৎ, সড়ক দুর্ঘটনার চেয়ে আত্মহত্যায় মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি।
ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর আট লাখ মানুষ আত্মহত্যা করে। আর আত্মহত্যা করার চিন্তা করে ১০ কোটি মানুষ। এ অবস্থায় আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। তবে বাংলাদেশে এখনো জাতীয়ভাবে দিবসটি পালন করা হয় না।
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলালউদ্দিন আহমদ বলেন, দেশে অনেক পশুপাখির জন্যও দিবস পালিত হয়। কিন্তু জরুরি এই স্বাস্থ্য সমস্যাসংশ্লিষ্ট দিবসটি পালিত হয় না। অন্তত একটি দিন মানুষের সচেতনতা বাড়ানোর জন্য দিবসটি জাতীয়ভাবে পালন করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতি এক লাখ লোকের মধ্যে সাতজন আত্মহত্যা করে। কিন্তু ঝিনাইদহে এ সংখ্যা ১৬। দীর্ঘদিন ধরেই জেলাটি দেশের সবচেয়ে আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
২০১৪ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মুক্ত আলোচনায় ঝিনাইদহ জেলায় আত্মহত্যার হার বেশি হওয়ার বিষয়টি উঠে আসে। তাই ওই জেলায় আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য একটি গবেষণাকেন্দ্র স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমকি স্বাস্থ্য পরিচর্যা বিভাগের পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এতে সদস্য ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ব্যুরো ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এবং ঝিনাইদহের সিভিল সার্জন। ওই কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন দেয়। কমিটির সদস্য ও জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক ওয়াজিউল আলম চৌধুরী গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন দেওয়ার পর সরকারের পক্ষ থেকে তখন কিছু জানতে চাওয়া হয়নি। তবে এখন কোনো অগ্রগতি আছে কি না, তা আমার জানা নেই।’
ঝিনাইদহের সিভিল সার্জন মো. আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজ উদ্যোগে গত বছর আত্মহত্যার চেষ্টাকারী ২ হাজার ৬০০ জনকে কাউন্সেলিং করাই। তবে এ জন্য যে নিবিড় ও ধারাবাহিক কর্মকাণ্ড দরকার, তা করা সম্ভব হয়নি।’ ঝিনাইদহে গবেষণাকেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
আত্মহত্যা নিয়ে কাজ করে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি। এর লাইন ডিরেক্টর এ এইচ এন এনায়েত হোসেন স্বীকার করেন, আত্মহত্যা নিয়ে সরকারের কাছে কোনো পরিপূর্ণ তথ্য নেই। একটি পূর্ণাঙ্গ জরিপ চালানোর পরিকল্পনা আছে। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘আত্মহত্যার প্রবণতা প্রতিরোধকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছি। দুটি স্তরে কাজ চলছে। পরিস্থিতি বিশ্লেষণ ও সমাধানের চেষ্টা হিসেবে চিকিৎসক প্রশিক্ষণ চলছে।’
সচেতনতায় সাফল্য: ঝিনাইদহে স্থানীয় বেসরকারি সংগঠন সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিস (সোভা) তাদের কর্ম এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে আত্মহত্যার প্রবণতা কমিয়ে এনেছে। এর স্বীকৃতিস্বরূপ তারা ২০১১ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুইসাইড প্রিভেনশনের (আইএএসপি) লি অ্যাওয়ার্ড পেয়েছে।
২০১৪ সালে ঝিনাইদহ জেলার সিভিল সার্জনের তৈরি ‘ঝিনাইদহ জেলায় আত্মহত্যা: এর কারণ ও প্রতিকারের উপায়’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ বছরে আত্মহত্যাকারীদের ৬৪ শতাংশই ছিল নারী। নারীর ওপর শারীরিক, মানসিক নির্যাতনকে আত্মহত্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় ওই প্রতিবেদনে।
জেলার সাতটি ইউনিয়নে কাজ করে সোভা। তাদের কর্ম এলাকার প্রতিটি গ্রামে একটি নারী দল আছে, যারা বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে আলোচনা করে। নারী নির্যাতনের খবর পেলে সমাধানের উদ্যোগ নেয়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক পুরুষ-নারী সমন্বয়ে একটি দল আছে। প্রতি মাসে এরা সভা করে। এ কাজ পরিচালনার জন্য প্যারা-কাউন্সেলর নামে সোভার একজন কর্মী থাকেন।
সোভা স্থানীয় স্কুলগুলোতে গিয়ে মাসে এক দিন টিফিনের সময় ছেলেমেয়েদের নিয়ে মতবিনিময় করে। প্রতিটি স্কুলের সমাজবিজ্ঞানের একজন শিক্ষককে মানিসক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে তারা।
সোভার হিসাবে, ২০০৫ সালে ঝিনাইদহ জেলায় ১৪৮টি আত্মহত্যার ঘটনা ঘটে। এর মধ্যে সোভার প্রকল্প এলাকায় ঘটেছিল ৬৭টি। ২০১৪ সালে ঝিনাইদহে আত্মহত্যা করে ৩০৩ জন। কিন্তু সোভার প্রকল্প এলাকায় আত্মহত্যার সংখ্যা কমে ১৭তে নেমে আসে।
সোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের কর্ম এলাকার মানুষকে সমস্যাটি বোঝাতে সক্ষম হয়েছি। সে জন্যই সফলতা পেয়েছি।’
জেলার সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ঐকান্তিক চেষ্টা নিয়ে সচেতনতা সৃষ্টি করা গেলে আত্মহত্যা প্রতিরোধ যে সম্ভব, সোভার কাজ তার প্রমাণ।