সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টিতে আগামী ১ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এটিএন নিউজ ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। সড়ক দুর্ঘটনা বন্ধে করণীয় সম্পর্কে চালক ও পথচারীদের মধ্যে এই কার্যক্রম চালানো হবে।গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন উদ্যোক্তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে চলচ্চিত্র ও গণমাধ্যমের তারকা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সড়কের পাশে দাঁড়িয়ে সড়ক দুর্ঘটনার কারণে সমাজে কী ক্ষতি হয় এবং দুর্ঘটনায় একটি পরিবার কতটা অসহায় হয়ে পড়ে, তা বোঝানোর চেষ্টা করবেন। ১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। এর পর থেকে প্রতি রোববার একই সময়ে রাজধানীর কোনো না কোনো সড়কে বা বাস টার্মিনালে চলবে এই কার্যক্রম। আগামী এক বছর এই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা, সিআরপির প্রধান ভ্যালরি এ টেইলর, অভিনেত্রী রোকেয়া প্রাচী, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম, শিল্পী চন্দ্র শেখর সাহা, এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের উপদেষ্টা মোতাহার হাসান প্রমুখ বক্তব্য দেন।