সচেতনতাই পারে ক্যানসার থেকে 'শিশুদের বাঁচাতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় বসে ছবি আঁকছে ক্যানসারে আক্রান্ত একটি শিশু। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় বসে ছবি আঁকছে ক্যানসারে আক্রান্ত একটি শিশু। ছবি: সংগৃহীত

সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময়মতো রোগ নির্ণয় ক্যানসার থেকে বাঁচাতে পারে হাজার হাজার শিশুর জীবন। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত শিশু ক্যানসার সচেতনতা বিষয়ক এক প্রচারাভিযান এবং ক্যানসারে আক্রান্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা এই অভিমত দেন।

ইউকে এইডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার’ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হাসপাতালের শয্যায় বসে ছবি আঁকে ক্যানসারে আক্রান্ত শিশুরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিশু ক্যানসার সচেতনতা বিষয়ক প্রচারাভিযানে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, মেডিকেল কলেজের শিশু শল্যচিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল, শিশু ক্যানসার বিভাগের প্রধান এ কে এম আমিরুল মোরশেদ খসরু এবং ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রিজওয়ানা হোসেন।

ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসারের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর দুই লাখ শিশু ক্যানসারে আক্রান্ত হয়। এসব শিশুর প্রায় ৮০ শতাংশই বাস করে মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে ক্যানসার আক্রান্তদের বেঁচে থাকার হার পাঁচ শতাংশ। বর্তমানে ক্যানসারে আক্রান্ত শিশুদের মধ্যে ৮০ শতাংশই উন্নত চিকিৎসার সুযোগ পায় না।