সচেতনতায় 'বৃক্ষ ভিক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কিনব্রিজের নিচে বৃক্ষমেলা থেকে গতকাল চারা সংগ্রহ করেন ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা l প্রথম আলো
সিলেট নগরের কিনব্রিজের নিচে বৃক্ষমেলা থেকে গতকাল চারা সংগ্রহ করেন ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা l প্রথম আলো

ব্যানারে বড় অক্ষরে লেখা ‘বৃক্ষ ভিক্ষা’। এ ব্যানার সামনে ধরে এগোচ্ছেন কয়েকজন। তাঁদের সঙ্গে রয়েছে বাদ্যযন্ত্রও। ‘গাছ লাগান, জীবন পূর্ণ করুন...’ ইত্যাদি কথামালার প্যারোডি গেয়ে ‘ভিক্ষা’ করে সংগ্রহ করা হয় ২২৭টি গাছ। এভাবে পাঁচ দিন পর সংগ্রহ করা গাছ রোপণ করা হবে সিলেটের জলার বনখ্যাত রাতারগুলে।
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় বন বিভাগ আয়োজিত সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় গতকাল শুক্রবার বিকেল থেকে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’। জীবনে যাঁরা একটি গাছও লাগাননি, তাঁদের কাছ থেকে মেলা অঙ্গনে একটি করে গাছ ‘ভিক্ষা’ করে রোপণ করা হবে। ব্যতিক্রমী এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচি।
গতকাল বিকেল পাঁচটার দিকে সংগঠনের কর্মীরা মেলা প্রাঙ্গণে ব্যানার নিয়ে তৎপর হন। তাঁদের তৎপরতা দেখে মেলায় প্রদর্শিত অর্ধশতাধিক স্টল থেকেও একটি করে বিভিন্ন জাতের গাছ দেওয়া হয়। সেগুলো সংগ্রহ করে রাখা হয় সংগঠনের অস্থায়ী দপ্তরে। সেখান থেকে রাত পর্যন্ত চলে প্রচারণা।
চাকরিজীবী এহতেশাম খান ৭৫টি গাছ দান করে বলেন, ‘নগরে ভাড়া বাসায় থাকি। কোথায় গাছ লাগাব। তাই গাছগুলো কিনে দিলাম লাগানোর জন্য। তাঁদের এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর জানান, জীবনেও গাছ লাগাননি, এমন মানুষের সংখ্যা বেশি। তাঁদের গাছ লাগানোয় উদ্বুদ্ধ করতে এবং তাঁদের কাছ থেকে গাছ ভিক্ষা করে একধরনের সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কিনব্রিজ এলাকায় আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় বৃক্ষমেলা চলবে। ওই দিন পর্যন্ত বৃক্ষ ভিক্ষা কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি। অথচ বাংলাদেশে আছে মাত্র ১২ ভাগের কম। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। সর্বস্তরের মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ কর্মসূচির পরিসর বাড়াতে ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচি।