সচেতনতার অভাব ও অসন্তোষে প্রতিদিনই রোগীরা পালায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার ফকিরনির হাটের বাসিন্দা মো. ইব্রাহিম (৪৫) অসুস্থতা নিয়ে গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। এক দিন থাকার পর চিকিৎসা শেষ না হওয়ার আগেই পরদিন কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
সচেতনতার অভাব, চিকিৎসাব্যবস্থা নিয়ে অসন্তোষ, পরিবেশের সঙ্গে মানাতে না পারা; সর্বোপরি আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পটিয়ার ইব্রাহিমের সঙ্গে পরে টেলিফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে তিনি জানান, হাসপাতালে যাওয়ার পর সারা দিন কোনো ডাক্তার তাঁকে দেখেননি। রাতে একজন ডাক্তার দেখে তাঁকে ওষুধ লিখে দিলেন। এর পর তিনি আবার অসুস্থতাবোধ করলে চিকিৎসককে ডেকেও পাননি বলে অভিযোগ। তাই হাসপাতাল ছেড়ে বাইরে এক ডাক্তারের শরণাপন্ন হন বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চমেক হাসপাতালে প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩০০ রোগী থাকেন। এর মধ্যে প্রতিদিন ১০০ থেকে ২৫০০ রোগী চিকিৎসা শেষে ফিরে যান। এ ছাড়া গড়ে প্রতিদিন ১০০ রোগী মুচলেকা দিয়ে অন্যত্র চিকিৎসা নিতে চলে যান। আবার অনেকে পালিয়ে যান।
১২ অক্টোবর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ৩০ জন রোগী পালিয়ে যান। একই দিন মুচলেকা দিয়ে ৮৯ জন এবং চিকিৎসা শেষে বৈধভাবে হাসপাতাল থেকে ছাড়া পান ২৫৮ জন। এর আগে ১১ অক্টোবর ২১ জন, ১০ অক্টোবর ২৭ জন, ৯ অক্টোবর ৩০ জন এবং ৮ অক্টোবর ৩৭ জন রোগী পালিয়ে যান।
বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল গনি প্রথম আলোকে বলেন, ‘আমার এখানে অবকাঠামো রয়েছে ৫৫০ জনের। কিন্তু রোগী থাকে প্রতিদিন দুই হাজার ৩০০ জন। তাই অনেক রোগী সেবা নিয়ে অস্বস্তিবোধ কিংবা অসন্তুষ্ট থাকতে পারেন। সে কারণে চলে যেতে পারেন। তারা হয়তো সাময়িকভাবে মনে করতে পারেন, বাইরে গেলে ভালো চিকিৎসা পাবেন। কিন্তু দরিদ্র এসব রোগীর অনেককে আবার ফিরে আসতে হয় সরকারি হাসপাতালেই।’
শহিদুল গনি আরও বলেন, ‘আমার চিকিৎসক কিংবা নার্সরা যদি আরও একটু যত্নশীল হয়, তাহলে রোগী চলে যাবার প্রবণতাটা অনেকটা কমে আসবে বলে মনে করি।’
চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল মওলা বলেন, ‘অনেক রোগী কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর মনে করে, সে ভালো হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা ছাড়তে চাই না তাকে। কিন্তু একসময় সে পালিয়ে যায়।’
চমেক হাসপাতালের ৩৬টি ওয়ার্ডের মধ্যে তিন মেডিসিন বিভাগ, ক্যাজুয়ালটি বিভাগ, নাক কান গলা, চর্ম ও যৌন রোগ বিভাগ, সার্জারি বিভাগ, চক্ষু বিভাগ থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়।
হাটহাজারীর মেখল গ্রামের মো. জামাল উদ্দিন (৫৫) গত ৩ মে ভর্তি হয়েছিলেন চমেক হাসপাতালে। দুই দিন চিকিৎসা নেওয়ার পর ৫ মে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে ফোনে প্রতিবেদককে বলেন, ‘আমি কৃষিকাজ করি। পেট ব্যথা এবং আরও কিছু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলাম। দুই দিন ওখানে থাকায় আমার পরিবারের লোকজনের চলতে খুব সমস্যা হচ্ছিল। তাই একটু ভালো বোধ করলে কাউকে না বলে চলে আসি।’
একইভাবে পটিয়ার আবদুস সাত্তার, কক্সবাজারের টেকনাফের পুতন আলী, চন্দনাইশের রহিম হাসপাতালে চিকিৎসা শেষ না করেই পালিয়ে যান। মুচলেকার ঝামেলায় না গিয়ে তাঁরা নিজে নিজে পালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পালিয়ে যাওয়ার পর ওয়ার্ডের নিবন্ধন খাতায় রোগীর নামের পাশে ‘পলাতক’ লিখে রাখা হয়।