সচেতনতার অভাবে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪৫টি জেলায় কালাজ্বরের প্রাদুর্ভাব আছে। আক্রান্ত রোগীদের ৬০ শতাংশ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার। অথচ অসচেতনতার কারণে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছে না। কালাজ্বরের নতুন ওষুধের ব্যবহার ও চিকিৎসাকেন্দ্র স্থাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসকেরা এ কথা বলেন। বেসরকারি সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) ওই কেন্দ্রটি স্থাপন করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গত মে মাস থেকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ১৪ শয্যাবিশিষ্ট কালাজ্বর চিকিৎসাকেন্দ্র স্থাপন করে সেবা চালু করে এমএসএফ। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জেম হোসেন, এমএসএফের মিশন-প্রধান পল ক্রিসলি প্রমুখ।এমএসএফের কালাজ্বর চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকেরা প্রথম আলোকে জানান, স্ত্রীজাতীয় বেলে মাছির মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, পেট ফোলা, প্লীহা অথবা যকৃৎ বৃদ্ধি ও ক্ষুধামন্দা এ রোগের অন্যতম লক্ষণ। আক্রান্ত হওয়ার কিছুদিন পর জ্বর না থাকলেও রোগীর শরীরে ও মুখে সাদা দাগ বা গুটি দেখা যায়। এসব গুটি বা দাগ কালাজ্বর বিস্তারে সাহায্য করে। চামড়ার এ অসুখকে বলা হয় পোস্ট কালাজ্বর ডার্মাল লেইশমেনিয়াসিস (পিকেডিএল)। তিনি বলেন, দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু হলে কালাজ্বর থেকে সুস্থ হওয়া সম্ভব। অথচ গ্রামের মানুষ সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে স্বাস্থ্যকেন্দ্রে আসে না। দুই মাস ধরে জ্বরে ভুগছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শেফালী আক্তার। দীর্ঘদিন তিনি পল্লি চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করেন। গত সপ্তাহে একই উপজেলায় বেসরকারি সংস্থা এমএসএফের উদ্যোগে প্রতিষ্ঠিত কালাজ্বর চিকিৎসাকেন্দ্রে এসে স্বাস্থ্য পরীক্ষা করেন শেফালী। পরীক্ষায় দেখা গেছে, তিনি কালাজ্বরে আক্রান্ত। তিনি প্রথম আলোকে জানান, কালাজ্বর কী, কেন হয়—এ ব্যাপারে তিনি কিছু জানেন না। এমএসএফের চিকিৎসক আঞ্জুমান আরা প্রথম আলোকে বলেন, এ চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন ১৫ থেকে ২০ জন কালাজ্বরে আক্রান্ত রোগী আসে। এর মধ্যে অধিকাংশই পিকেডিএল নিয়ে আসে। প্রতিদিন গড়ে পাঁচজন প্রাথমিক কালাজ্বর নিয়ে রোগীরা এ কেন্দ্রে ভর্তি হয়, যাদের অর্ধেকের বেশিই শিশু এবং তারা একই সঙ্গে অপুষ্টিতে ভুগছে। আক্রান্ত রোগীদের এই কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।এমএসএফের চিকিৎসক আঞ্জুমান আরা বলেন, প্রাদুর্ভাব থাকলেও সচেতন না থাকায় গ্রামের মানুষ কালাজ্বরে আক্রান্ত হচ্ছে। তারা এ ব্যাপারে প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ নিতে আসে না। এ কারণে এ চিকিৎসাকেন্দ্রের উদ্যোগে ২৬ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা এ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে কালাজ্বরে আক্রান্ত ব্যক্তির ব্যাপারে খোঁজ ও চিকিৎসার ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, এ কেন্দ্রে নতুন ওষুধের মাধ্যমে আগের তুলনায় কম সময়ে কালাজ্বরের চিকিৎসা দেওয়া হচ্ছে।