সচেতনতায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী থেকে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি। সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় অন্যতম ঝুঁকিপ্রবণ এই এলাকার সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতায় যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমে, এর একটি দৃষ্টান্ত ইতিমধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হয়েছে। আক্রান্ত মায়েরা নিরাপদে মাতৃত্ব লাভ করছেন।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেটে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। সিলেটে ইউনিসেফের সহায়তায় আক্রান্ত মায়ের মাধ্যমে শিশুর শরীরে এইচআইভি ও জন্মগত সিফিলিস প্রতিরোধ কার্যক্রম (পিএমটিসিটি) ও আশার আলো সোসাইটি এ আলোচনার আয়োজক।
আলোচনা সভার আগে এইডস প্রতিরোধে সচেতনতার প্রচারণা-সংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল কলেজের সেমিনার কক্ষে ‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে আলোচনা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞার সভাপতিত্বে সভায় হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শিব্বির আহমেদ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মো. মনোজ্জির আলী, এ এফ এম নাজমুল ইসলাম, নুরুল আলম, আবু ইউসুফ ভূঁইয়া, জাহানারা বেগম, কল্লোল বিজয় কর, দিলীপ কুমার ভৌমিক প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন পিএমটিসিটির প্রকল্প ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন।