সচ্ছল পরিবারকে দেওয়া ৭২১২ কার্ড বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে সরকারের ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের আশ্রয় নিয়ে সচ্ছল পরিবারের মধ্যে দেওয়া ৭ হাজার ২১২টি কার্ড বাতিল করা হয়েছে। জয়পুরহাটের ৩২টি ইউনিয়নে ৩৬ হাজার ২৮২ জনের মধ্যে ১০ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণ করা হয়েছিল।
এসব কার্ড শুধু দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের কথা থাকলেও শিক্ষক, অবস্থাপন্ন সরকারদলীয় নেতা-কর্মী, তাঁদের আত্মীয়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষে কাজ করা লোকজনও এ কার্ড পান। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৮ ও ১১ অক্টোবর প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ১০ অক্টোবর মতবিনিময় সভা করে জয়পুরহাট জেলা প্রশাসন। সেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুর রহিম। ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম দূর করে অধিকতর স্বচ্ছ তালিকা করার জন্য চেয়ারম্যানরা ওই সভায় সাত কার্যদিবস সময় নেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ নভেম্বর) পর্যন্ত জেলার ৫টি উপজেলার ৩২টি ইউনিয়নের ৭ হাজার ২১২টি কার্ড বাতিল করা হয়। এসব কার্ড পরে দরিদ্র পরিবারগুলোকে দেওয়া হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নিশ্চিত করেন।
জয়পুরহাট জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও আক্কেলপুর উপজেলার রুকিন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবীর মুঠোফোনে বলেন, কিছু অনিয়ম ছিল। সেসব ঠিক করা হয়েছে। আর এখন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মিলে সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে যেন কোনো অনিয়ম না হয় সে জন্য সতর্ক রয়েছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, এ পর্যন্ত জেলার ৭ হাজার ২১২টি কার্ড বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতে এই চাল বিতরণে আর কেউ অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আমাদের দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, এ উপজেলার গুনাহার ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা দুজন ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হতদরিদ্র লোকজনের কাছে এ চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহেদ পারভেজ এ জরিমানা করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডি এম সাখাওয়াত হোসেন বলেন, হতদরিদ্র লোকজনকে ওজনে চাল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার বিকেলে এলাকায় অভিযান চালান। এ সময় উপজেলার গুনাহার ইউনিয়নের কুড়াহার বাজারে ডিলার আবদুল হাকিম ও একই ইউনিয়নের তালুচহাটের ডিলার খলিলুর রহমান খানকে হাতেনাতে ধরে যথাক্রমে ১০ ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার আইনে এ দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।