রংপুরের তারাগঞ্জে দুস্থদের জন্য সহায়তা—ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দুস্থ নারীদের পরিবর্তে অনেক সচ্ছল পরিবারের নারীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই হাজার ৪৮৩টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। একজন কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে ২৪ মাস গম পাবেন। ভিজিডি কার্ডের নির্দেশিকায় বলা হয়েছে, তালিকায় প্রথম অগ্রাধিকার পাবেন স্বামীহারা দুস্থ নারী, দ্বিতীয় অগ্রাধিকার পাবেন পরিবারের প্রধান নারী, যাঁর অন্য কোনো আয়ের উৎস নেই, তৃতীয় অগ্রাধিকার পাবেন ১৫ শতকের কম জমির মালিক, চতুর্থ অগ্রাধিকার পাবে বসতবাড়ির অবস্থা খারাপ বা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে এমন পরিবার। কোনো অবস্থাতাতেই সচ্ছল, পাকা বাড়ির মালিকের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা যাবে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন ইউপি সদস্য, একজন মহিলা ইউপি সদস্য, একজন এনজিও প্রতিনিধি এবং একজন শিক্ষক মিলে গ্রামে ঘুরে প্রাথমিক তালিকা করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দেবেন। চেয়ারম্যানের নেতৃত্বে ১৯ সদস্যর একটি কমিটি তালিকা যাচাই-বাছাই করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরে অনুমোদনের জন্য পাঠাবেন। এই নির্দেশিকা না মেনে তারাগঞ্জে সচ্ছল, পাকা বাড়ির মালিকের স্ত্রীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত নারীরা তিন মাসের খাদ্যশস্যও পেয়েছেন। সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের হতদরিদ্র আনোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁদের বঞ্চিত করে সচ্ছল ব্যক্তিদের স্ত্রীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই গ্রামের জাহেদুল ইসলামের পাঁচ কক্ষের পাকা বাড়ি, তিন বিঘা জমি, বাড়িতে টেলিভিশন, মুদি দোকান আছে। তাঁর স্ত্রী রাশেদা খাতুন ভিজিডি কার্ড পেয়েছেন। কার্ড পাওয়া প্রসঙ্গে জাহেদুল ইসলাম বলেন, ‘গরিবরা তো সরকারি সাহায্য সারা বছরই পায়। আমরা একবার পেলে দোষ কী?’ ওই ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আজিজুল ইসলামের স্ত্রী হাছিনা খাতুন ভিজিডি কার্ড পেয়েছেন। খলিলুর রহমানের ১০ কক্ষের পাকা বাড়ি, শ্যালো ইঞ্জিন আছে। এবার আজিজুল ও তাঁর ভাই আরিফুল মিলে বাবার ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন বলে এলাকার লোক জানান। জানতে চাইলে আজিজুল বলেন, ‘এগুলো তো আমার বাবার সম্পদ, আমার তো কিছুই নাই। ভূমিহীন হিসেবে কার্ড পেয়েছি, অন্যায় কী?’ সয়ার ইউপির সদস্য দুলাল হোসেন ও এমদাদুল হক জানান, আজিজুল ও জাহেদুলের স্ত্রীর নামে কীভাবে কার্ড হয়েছে তাঁরা তা জানেন না। সয়ার ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ, ক্লিনিকে। সুস্থ হলে বিষয়টি খতিয়ে দেখব।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমিও পেয়েছি। কিন্তু এগুলো দেখার দায়িত্ব মহিলাবিষয়ক কর্মকর্তার।’ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহামুদা খাতুন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখেছি। উপজেলা ভিজিডি কমিটির সভায় প্রতিবেদন তুলে ধরে ব্যবস্থা নিতে বলব।’