সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ১২টি কার্ড উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলার সেই পাকা বাড়ির মালিক ও সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ১০ টাকা কেজির চালের কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা গতকাল মঙ্গলবার এ রকম ১২টি কার্ড উদ্ধার করেছেন।
প্রথম আলোর বিশাল বাংলায় গতকাল ‘তারাগঞ্জে কার্ড পেয়েছেন পাকা বাড়ির মালিক, সচ্ছল ব্যক্তিও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল বাতেন, উপজেলা খাদ্য পরিদর্শক কাজী আরজুমান নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন।
তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল বাতেন বলেন, তদন্তে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ায় ১০ টাকা কেজির চালের ১২টি কার্ড সচ্ছল ব্যক্তির বাড়িতে গিয়ে উদ্ধার করা হয়। দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দিয়ে ওই সচ্ছল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত দুস্থ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে বলা হবে।