সচ্ছল শিশুদের খেলনা পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচ্ছল পরিবারের শিশুদের খেলনা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দিতে এক্স ক্যাডেটস ফোরামের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘টয়স-আর-ইউরস’ আয়োজন।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এক নম্বরে ক্যাডেট কলেজ ক্লাবে এ বছরের ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, ব্যান্ড শিরোনামহীনের সদস্যরা, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং এক্স ক্যাডেটস ফোরামের সদস্যরা।
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে টয়স-আর-ইউরস নামের এই উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে খেলনা ও গল্পের বই সংগ্রহ করা হয়।
খেলনাগুলো সংস্কার করে যেসব বিদ্যালয় বা প্রতিষ্ঠান দুস্থ ও গরিব শিশুদের নিয়ে কাজ করে, তাদের মাধ্যমে বিতরণ করা হয়।
এক্স ক্যাডেটস ফোরামের সমন্বয়ক জিয়াদ হোসেন জানান, এই বছর ১০ হাজার শিশুর মাঝে খেলনা ও গল্পের বই বিতরণ করার লক্ষ্য তাঁদের। গত বছর দেশের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং তিনটি হাসপাতালে প্রায় আড়াই হাজার শিশুর মাঝে খেলনা বিতরণ করা হয়েছিল।