ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ এলাকার হতদরিদ্র মানুষের তালিকা থেকে সচ্ছল ব্যক্তিদের নাম বাদ দিতে ইউপি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ারুল হক। গতকাল বুধবার ফরদাবাদ ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ ওরফে সেলিমকে তিনি এ চিঠি দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ অংশের ৩৫৪ জন হতদরিদ্র মানুষের প্রথম তালিকা দেন ইউপি চেয়ারম্যান।
পরে তালিকা সংশোধন করে গত ২০ অক্টোবর পুনরায় তালিকা দেন ইউপি চেয়ারম্যান। পরের তালিকা অনুসারে গত সপ্তাহে চাল বিতরণ করেন ওই এলাকার ডিলার। পরে স্থানীয় লোকজনের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরের তালিকায় ১৪ জন সচ্ছল ব্যক্তির নাম পান ইউএনও।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, তালিকায় ১৪ জন সচ্ছল ব্যক্তির নাম থাকায় তা পরিবর্তন করতে ইউএনও স্যারের নির্দেশে চেয়ারম্যানকে আজ (গতকাল বুধবার) চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।