সজল খালেদ নিখোঁজ রহস্য তদন্তের দাবি
চুক্তিবদ্ধ শেরপা গাইডদের অবহেলার কারণেই এভারেস্টজয়ী সজল খালেদ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী তাহমিনা খান। এই নিখোঁজ রহস্যের সুষ্ঠু তদন্তের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘সজল মিশন’-এর ব্যানারে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাহমিনা খান বলেন, সজল খালেদের এভারেস্ট অভিযানের শেষ অংশ নিয়ে নানা রকম পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সঠিক তথ্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করেও সজলের সঙ্গে চুক্তিবদ্ধ শেরপাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তাহমিনা খান বলেন, শেরপা গাইডরা অভিযাত্রীপ্রতি ৩৫ থেকে ৫০ হাজার ডলার নিয়ে থাকেন। অথচ এ নিয়ে তাঁরা অভিযাত্রীদের সঙ্গে চুক্তি করেন না। এমনকি অভিযাত্রীদের জীবনবিমার ব্যাপারেও কোনো বাধ্যবাধকতা নেই। এর ফলে সেখানকার শেরপারা অনেক ক্ষেত্রেই তাঁদের দায়িত্বে অবহেলার সুযোগ পান।
নেপালের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেখানকার সরকারকে এসব বিষয় সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান তাহমিনা। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে সজল নিখোঁজ ঘটনার প্রকৃত কারণ বের করার দাবি জানান তিনি।
সজলকে উদ্ধারের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহজাহান মৃধা, মীর সামছুল আলম ও নাসির খান।
এভারেস্ট জয় করে চূড়া থেকে ফেরার পথে গত ২১ মে নিখোঁজ হন সজল খালেদ। এর সাড়ে চার মাস পর নেপাল সরকারের দেওয়া এভারেস্ট জয়ের সামিট সার্টিফিকেট ও মেডেল আনতে ‘সজল মিশন’ ৪ সেপ্টেম্বর নেপালে যায়। সেখানে তারা নিজস্ব অনুসন্ধানে শেরপাদের অবহেলার বিষয়টি জানতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।