সজল খালেদের মৃতদেহ দেশে আনার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বিজয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদের মৃতদেহ দেশে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। মাউন্ট এভারেস্টের ২৮ হাজার ফুটের চেয়েও বেশি উচ্চতা থেকে তাঁর মৃতদেহ আনার জন্য যা যা করণীয়, তা করা হবে বলে সরকারের পক্ষ থেকে খালেদের পরিবারকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে। এ ব্যাপারে কাজও শুরু করেছে নেপালে বাংলাদেশের দূতাবাস। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকার খালেদের মৃতদেহ এভারেস্ট থেকে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় খরচ দেবে। শেরপাদের সঙ্গেও কথাবার্তা শুরু হয়েছে। এই উদ্ধার অভিযানের জন্য দু-এক দিনের মধ্যেই শেরপারা এভারেস্টের উদ্দেশে রওনা হবেন।’ সজল খালেদের মৃতদেহ এভারেস্ট থেকে নিয়ে আসার ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বুধবার রাতে খালেদের স্ত্রী তাহমিনা খান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় স্বামীর মৃতদেহ ঢাকায় আনার ব্যাপারে সরকারকে সব রকমের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সেখানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারও উপস্থিত ছিলেন। ২০ মে সকালে বাংলাদেশের পর্বতারোহী ও চলচ্চিত্রকার মোহাম্মদ খালেদ হোসেন (সজল খালেদ) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। এরপর নেমে আসার সময় প্রায় ২৮ হাজার ফুট উচ্চতায় আকস্মিকভাবে মারা যান তিনি। বড় ভাই শাখাওয়াত হোসেন আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে খালেদের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।