সজল খালেদের মৃত্যু নিয়ে তদন্ত দাবি

দুর্ঘটনা, নাকি অবহেলাজনিত কারণে পর্বতারোহী সজল খালেদের মৃত্যু হয়েছে—তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনেরা। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘এভারেস্টজয়ী চিত্রপরিচালক, লেখক ও সংগঠক সজল খালেদ ও তাঁর অর্জন’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এই দাবি জানান।
মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সজল খালেদের সৃষ্টিশীল কাজ নিয়ে কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, সংগীত পরিচালক লাকী আখন্দ, দুইবার এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত, প্রথম বাংলাদেশি নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার, সজল খালেদের বড় ভাই শাখাওয়াত হোসেন, বন্ধু ও সহযাত্রী শাহজাহান মৃধা বেণু, রিয়াজ হাসনাত, তারেক অনু, আশরাফুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানে সজলের স্ত্রী তাহমীনা খান শৈলী ও একমাত্র শিশুপুত্র সুস্মিত হোসেনসহ অন্যান্য স্বজন ও বন্ধু শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘সজলের মধ্যে ক্রিয়েটিভিটি ছিল। আমার লেখা “কাজলের দিনরাত্রি” বইটি দিয়ে চলচ্চিত্র হতে পারে, তা আমি ভাবতেই পারিনি। কিন্তু সজলের চোখে সেটি ঠিকই ধরা পড়েছিল। শিশু-কিশোরদের মাঝে এ ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং দেশ-বিদেশেও বেশ প্রশংসিত হয়েছে।’ সজলের মৃত্যুর পেছনে দুর্ঘটনা না অবহেলা বা কারও ইন্ধন রয়েছে, তার তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সাহসী ও দেশপ্রেমিক। এভারেস্ট জয়ে একদিন বাংলাদেশিরাই এগিয়ে যাবে।
আবুল হাসনাত বলেন, ‘বেশ কয়েক বছর আগে ১৪টি পর্বতারোহণের দুঃসাহসিক অভিজ্ঞতা নিয়ে “এড ভিশ্চার্স”-এর লেখা একটি বইয়ের অনুবাদ পাণ্ডুলিপি নিয়ে সজল আমার কাছে আসে এবং তা ছাপানোর অনুরোধ করে। বেঙ্গল পাবলিশার্স লিমিটেডের তখন মাত্র যাত্রাকাল, তাই ছাপানোর ব্যাপারে অনাগ্রহই প্রকাশ করলাম। তার পরও পাণ্ডুলিপিটি সে রেখে যায় এবং বলে, “পড়ে দেখবেন, ভালো মনে হলে ছাপাবেন।” আমি পাণ্ডুলিপিটি পড়ে বেশ রোমাঞ্চিত হই। তার অনুবাদ-দক্ষতা ও গল্প তৈরির গাঁথুনি এতই চমত্কার যে, তা আর বলার অপেক্ষা রাখে না। পরে বেঙ্গল পাবলিশার্স থেকে “পর্বতের নেশায় অদম্য প্রাণ” শিরোনামে বইটি ছাপানো হয়। আজও আমার মনে হয় পর্বত আরোহণ নিয়ে এমন বই বিরল।’
লাকী আখন্দ বলেন, ‘সজলের ফিলোসফি যদি ফিল্মের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সমাজ বেশ উপকৃত হবে। তাই তাকে ছবি বানাতে পরামর্শ দিয়েছিলাম।’
সজলের ভাই শাখাওয়াত হোসেন বলেন, সজলের মতো একজন সাহসী ও উদ্যমী যুবকের এভাবে মৃত্যু হতে পারে না। নেপালের শেরপাদের কোনো অবহেলার কারণেই সজলের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন। পর্বতারোহণের প্রয়োজনীয় সামগ্রী বা লজিস্টিক সাপোর্ট সজলকে ঠিকভাবে দেওয়া হয়নি বলেও তাঁর ধারণা। ভবিষ্যতে আর কোনো বাঙালি পর্বতারোহীকে যেন এভাবে প্রাণ দিতে না হয়, সে বিষয়ে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে সজাগ দৃষ্টি রাখার তিনি অনুরোধ জানান।
নিশাত মজুমদার এবং এম এ মুহিত সজলের অদম্য সাহসিকতার কথা তুলে ধরেন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ নিয়ে সজল খালেদের নির্মিত প্রামাণ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাজলের দিনরাত্রি’ ও মাউন্টেনিয়ারিংয়ের নানা স্লাইড প্রদর্শন করা হয়।
সজল খালেদ চলতি বছরের ২০ মে এভারেস্ট জয় করে চূড়া থেকে নামার পথে মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি।