শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি
সজল চোখে দোজাহানের কল্যাণ কামনা

টঙ্গীর দিকে জনস্রোত শুরু হয়েছিল গতকাল রোববার সকাল থেকেই। ঢাকা-গাজীপুর সড়কে হোটেল র্যাডিসনের সামনে থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সড়কজুড়ে মিছিলের মতো ধেয়ে চলা মানুষ আর মানুষ। বড় আশা নিয়ে ছুটছিলেন তাঁরা। বিগত জীবনের পাপ-তাপ থেকে মুক্তির জন্য অসংখ্য মানুষের সঙ্গে একত্রে হাত তুলবেন দয়াময় আল্লাহপাকের কাছে। বিশ্বাস ছিল মনে, এত মানুষের প্রার্থনা নিশ্চয় কবুল করবেন তিনি।
যাঁরা একটু বেলা করে রওনা দিয়েছিলেন, সকাল ১০টার পর আবদুল্লাহপুর এসেই থেমে যেতে হয়েছিল তাঁদের। কারণ, মহাসড়ক তখন মিলে গেছে ইজতেমা মাঠের মহাসমাবেশের সঙ্গে। পথেই খবরের কাগজ, পলিথিন, সঙ্গে আনা পাটি, জায়নামাজ বিছিয়ে বসে পড়েছিলেন তাঁরা। ইজতেমার মাঠকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তিন-চার কিলোমিটার পরিণত হয়েছিল জনসমুদ্রে। তুরাগ নদের পাড় দিয়ে বহু নৌকা ভিড়িয়ে মোনাজাতের অপেক্ষায় ছিলেন জলপথে আসা মুসল্লিরা। ভরে গিয়েছিল আশপাশের দোকান, কারখানা, অফিস ও ঘরবাড়ির ছাদ। আখেরি মোনাজাতের জন্য গতকাল টঙ্গীর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অনেক অফিসে ছিল ছুটি। ভিড় ঠেলে অনেক নারীও আসেন টঙ্গী এলাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে।
মাইকে বয়ান ভেসে আসছিল। ভারতের মাওলানা মোহাম্মদ সাদ হিন্দিতে বয়ান করছিলেন। বাংলায় তরজমা করে শোনাচ্ছিলেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। তিনি বলছিলেন, আল্লাহ বলেছেন তাঁর কাছে দোয়া করতে। তিনি বান্দার দোয়া কবুল করবেন। তবে দোয়া করতে হবে আল্লাহকে হাজির-নাজির জেনে। এখলাসের সঙ্গে। কাতরভাবে। চোখের পানি ছেড়ে দিতে হবে। ভিক্ষুকেরা যেমন কাকুতি-মিনতি করে ভিক্ষা চেয়ে আমাদের মনে দয়ার উদ্রেক করে। আমরা তাদের কাতর আবেদনে সাড়া দিয়ে সাহায্য দিই। তেমনি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইতে হবে। নিজের জন্য। সারা জাহানের ইনসানের হেদায়েতের জন্য।
দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হলো আখেরি মোনাজাত। ভারতের দিল্লির মাওলানা জোবায়েরুল হাসান মহামহিম পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করলেন ‘হাম সব গুনাগার হুঁ। হে আল্লাহ, হাম সবকো গুনাহ মাফ ফরমাদে। তুঁ তো মাফ করনেওয়ালা। তুঁ হামছে রাজি হো জা। হে আল্লাহ, সবকো কবুল ফরমালে। না রাজি কামছে হেফাজত ফরমাদে। সারে ইনসানকো হেদায়েত ফরমাদে। হামারি ইমানকি হকিকত হাসিল নসিব ফরমাদে। ইয়া আল্লাহ, তুঁ হামারা দোয়াকো কবুল ফরমাদে। কবুল ফরমাদে।’ অনুতপ্ত চিত্তে দুই হাত তুলে প্রতিটি বাক্যের পর ‘আমিন’ ‘আমিন’ বলে দোয়া কবুলের জন্য আকুতি জানাচ্ছিলেন লাখো মানুষ।
প্রায় ২০ মিনিটের এই মোনাজাতে ব্যক্তিজীবনের গুনাহ মাফ, দোজাহানের কল্যাণ কামনার পাশাপাশি নিজের দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহ্র ঐক্য, সব মানুষের হেদায়েত, অসুস্থদের জন্য রোগমুক্তি, নির্যাতিত ও বিপদগ্রস্তদের পরিত্রাণ, পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া আত্মীয়স্বজনসহ সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
টেলিভিশন-মুঠোফোন ও ওয়্যারলেস সেটে মোনাজাত: ইজতেমা মাঠে না এসেও উন্নত প্রযুক্তির সুবিধায় আখেরি মোনাজাতে শরিক হয়েছেন অসংখ্য মানুষ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মাঠ, ভোগড়া মধ্যপাড়া স্কুল মাঠ, নলজানি ওয়্যারলেস মাঠ, ভুরুলিয়া ওয়াপদা মাঠ এলাকায় ওয়্যারলেস সেটে ও মুঠোফোনের মাধ্যমে মোনাজাতের বিবরণ সম্প্রচার করা হয়। বিপুলসংখ্যক মানুষ বিবরণ শুনে মোনাজাত করেন। এ ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করায় অনেকে বাড়িতে বসেও মোনাজাতে অংশ নেন।
শেষ দিনের বয়ান: গতকাল শেষ দিন বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা জামির উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টা থেকে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলিগের গুরুত্ব তুলে ধরে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা সাদ।
মাওলানা সাদ তাঁর বয়ানে বলেন, ঘরে বসে ইবাদতের চেয়ে দ্বীনের কাজে বাইরে মেহনত করে ইবাদত-বন্দেগি করার ফজিলত অনেক বেশি। সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এমনকি শক্রর জন্যও দোয়া করতে হবে। তাহলেই সমাজে শত্রুতার অবসান ঘটবে।
বিদেশি মেহমান ৩৫ হাজার: এবার প্রথম পর্বের ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের প্রায় ৩০ হাজার বিদেশি মেহমান অংশ নিয়েছেন। আগামী ১৫-২০ দিনের মধ্যে এসব জামাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে তাবলিগ সূত্র।
আরও তিন মুসল্লির মৃত্যু: শনিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে আরও তিনজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন ঢাকার বংশালের সিদ্দিকবাজার এলাকার সিরাজ মিয়া (৫০), সিলেটের গোলাপগঞ্জ থানার লাঙ্গলবন্দ এলাকার সামির উদ্দিন (৭৫) ও ঢাকার দোহারের কাসেম আলী (৫৭)। এ নিয়ে ইজতেমা মাঠে আটজন মুসল্লি মারা গেলেন।
জরুরি এলান: ইজতেমায় মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবার ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। আখেরি মোনাজাত ২ ফেব্রুয়ারি। সে কারণে গতকাল প্রথম পর্বের আখেরি মোনাজাতের পরেই একটি ‘জরুরি এলান’ করা হয়েছিল দোয়া মঞ্চ থেকে। তাতে তাবলিগের সাথিদের বলা হয়, ‘যাওয়ার সময় আমরা যেন মাঠটি পরিষ্কার করে রেখে যাই। পরের সাথিদের যেন কোনো অসুবিধা না হয়।’ দেখা গেল সবাই অতি গুরুত্বের সঙ্গে আমলে নিলেন এলানটি। নিজেদের ব্যাগ-বোঁচকা বাঁধার পর মাঠ ও রান্নার জায়গা পরিচ্ছন্ন করতে হাত লাগাতে শুরু করলেন যে যাঁর মতো।