সঞ্চালন লাইনে ফাটল, টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চালন লাইনে ফাটল ধরায় টাঙ্গাইল শহর থেকে মির্জাপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। টাঙ্গাইলে উচ্চ চাপযুক্ত গ্যাস সঞ্চালনের প্রধান লাইনে (হাই প্রেসার গ্যাস লাইন) ফাটল দেখা দেওয়ায় আজ বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দল গ্যাস সঞ্চালন লাইন মেরামতের কাজ শুরু করেছে।
কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন জানান, সকালে কালিহাতী উপজেলার পুংলী নদীতে তিতাস গ্যাসের উচ্চ চাপযুক্ত ২০ ইঞ্চি গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। প্রথমে স্থানীয়ভাবে ফাটল মেরামতের চেষ্টা করা হয়। পরে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে মেরামতকাজ শুরু করে।
তিতাস গ্যাসের টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মামুনুর রহমান জানান, গ্যাসলাইনে ফাটলের কারণে টাঙ্গাইল জেলা শহর থেকে মির্জাপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে মেরামতের কাজ চলছে। লাইনটি ঠিক করতে আরও তিন-চার ঘণ্টা সময় লাগবে। ঠিক হওয়ার পর আবার গ্যাস–সংযোগ দেওয়া যাবে বলে তিনি জানান।