সঞ্চালন লাইনে বিস্ফোরণ ১১ ঘণ্টা বিদ্যুৎহীন নগরে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ লাইনে বিস্ফোরণের কারণে ১১ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল বরিশাল নগর। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টা পর্যন্ত ওই বিদ্যুৎবিভ্রাটে নগরের ছয় ফিডারের কয়েক লাখ লোক দুর্ভোগে পড়েন। থেমে যায় প্রতিদিনের স্বাভাবিক কার্যক্রম। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগীরা।
পলাশপুর এলাকার ৩৩ হাজার কেভির বিদ্যুৎ ব্রেকারে গত মঙ্গলবার দুপুর ১২টায় হঠাৎ বিস্ফোরণ ও আগুন লেগে ওই দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে সঞ্চালন স্বাভাবিক হয়।
বিদ্যুৎবিভ্রাটে পড়ে নগরের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ বাসাবাড়ির সাধারণ নাগরিকেরা দুর্ভোগে পড়েন। একই সঙ্গে কাউনিয়া, আমানতগঞ্জ, সদর রোড, পলাশপুর, নতুন বাজারসহ সংশ্লিষ্ট এলাকার সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায় ওই সব এলাকায়। কিছু কিছু প্রতিষ্ঠানের বিকল্প জেনারেটর ও আইপিএসও বন্ধ হয়ে যায়। এ কারণে বন্ধ থাকে ইন্টারনেটসেবা।
নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতালে বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর না থাকায় রাত ১১টা পর্যন্ত অন্ধকারে কাটাতে হয়েছে রোগীসহ স্বজনদের। হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রোগী লক্ষণ চন্দ্র জানান, দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই, দিনের বেলা তেমন কোনো সমস্যা না হলেও রাতে পুরো হাসপাতাল অন্ধকার ছিল। সার্জারি ওয়ার্ডের রোগীর স্বজন রেণু বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় হাসপাতালজুড়ে ভুতুড়ে অবস্থা বিরাজ করে। অন্ধকারে চিকিৎসক ও সেবিকারা কাজ করতে পারেননি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎবিহীন হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে পলাশপুর ৩৩ হাজার কেভির বিদ্যুতের ব্রেকার ও বার্জার বিস্ফোরণে সঞ্চালন লাইন বিকল হয়ে পড়ে। এ জন্য নগরের ছয়টি ফিডারের বাসিন্দারা দুর্ভোগে পড়েন। ঘটনার পরপরই প্রকৌশল বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়। বিদ্যুৎ চালু হয় রাত সাড়ে ১০টায়।