সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যু হলে উত্তরাধিকারী অর্থ পাবেন
সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে আইন অনুসারে তাঁর উত্তরাধিকারী সঞ্চয়পত্রের অর্থের মালিক হবেন। একটি দেওয়ানি মামলার আপিল শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় দেন।
হাইকোর্ট রায়ে বলেন, সঞ্চয়পত্রের নমিনি একজন ট্রাস্টি। তিনি অর্থ উত্তোলন করতে পারবেন। তবে উত্তোলন করা ওই অর্থ উত্তরাধিকার আইন অনুসারে সঞ্চয়পত্র ক্রেতার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করতে হবে।
সঞ্চয়পত্রের মালিকানা নিয়ে নিম্ন আদালতে এই মামলাটি করেন সঞ্চয়পত্রের এক ক্রেতা শহিদুল হক চৌধুরীর ছেলে মঞ্জুরুল হক চৌধুরী ও তাঁর দুই বোন।
মামলার বিবরণে বলা হয়, তাঁদের পিতার অবর্তমানে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের মালিক হয়েছেন তাঁদের সৎমা। উত্তরাধিকার আইন অনুসারে ওই টাকা দাবি করে আদালতে মামলা করেন ভাই-বোনেরা। কিন্তু নিম্ন আদালত মামলা খারিজ করে দিলে তাঁরা হাইকোর্টে আপিল করেন।