সঞ্চয়পত্রের মুনাফা কমানো ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট নিয়ে আমার পক্ষে বিশেষজ্ঞ মন্তব্য করা সম্ভব নয়, কারণ আমি অর্থনীতিবিদ নই। কিন্তু বাজেট নিয়ে যখন গণমাধ্যমে নানা আলাপ-আলোচনা হয়, তখন আমরাও সম্পৃক্ত হয়ে যাই। অর্থমন্ত্রী বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হবে। এর সঙ্গে আমাদের মতো অবসরপ্রাপ্ত মানুষের জীবনযাপনের সম্পর্ক আছে, তাই বিষয়টির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। পেনশনভোগী মানুষেরা সাধারণত সঞ্চয়পত্রের ওপর নির্ভর করেন। কারণ, এখানে ব্যাংকের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়। এখন সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর যে কথা বলা হলো, তা যদি সত্যি সত্যিই করা হয়, তাহলে আমাদের মতো বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত মানুষ কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। অবসরপ্রাপ্ত মানুষের তো আয়ের আর কোনো পথ নেই, সঞ্চয়পত্রই তাঁদের মূল অবলম্বন। তাহলে এই মানুষের আয়ে হাত দেওয়া কেন?

আজকে যাঁরা অবসর জীবনযাপন করছেন, তাঁরা একসময় রাষ্ট্রকে সেবা দিয়েছেন। এখন তাঁদের বয়স হয়েছে, তাঁরা তো আর কাজ করতে পারেন না। তাঁরা রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক। তাই সরকারের উচিত এমন ব্যবস্থা নেওয়া, যাতে তাঁদের আয় না কমে। আমাদের দেশে সামাজিক নিরাপত্তা নেই বললেই চলে, এখানে বৃদ্ধ বয়সে সঞ্চয়পত্রই ভরসা। তাই সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো ঠিক হবে না। আমার মতো যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পক্ষ হয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মনোযোগ আকর্ষণ করছি।