সঞ্চয়পত্রের মুনাফার হার কমল
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন প্রায় সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গতকাল শনিবার সন্ধ্যায় মুনাফার হার কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। গতকাল থেকেই এই প্রজ্ঞাপন কার্যকর হয়েছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক আইজউদ্দিন আহমেদ গতকাল রাত নয়টায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বিদ্যমান ১৩.৪৫ শতাংশ থেকে কমিয়ে ১১.৫২ শতাংশ করা হয়েছে। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র ১৩.১৯ থেকে কমিয়ে ১১.৭৬ শতাংশ, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্র ১৩.২৪ থেকে কমিয়ে ১১.২৮ শতাংশ; বাংলাদেশ সঞ্চয়পত্র ১৩.১৯ থেকে কমিয়ে ১১.২৮ শতাংশ এবং তিন বছর মেয়াদি ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ১২.৫৯ থেকে কমিয়ে ১১.০৪ শতাংশ করা হয়েছে।
গতকাল শনিবারের আগে কেনা সব সঞ্চয়পত্রের ক্ষেত্রে কেনার সময় যে হারে মুনাফার কথা বলা হয়েছিল, সেই হারই বহাল থাকবে।
হিসাবের সুবিধার্থে মাসিক/৩ মাস/৩ বছর (মেয়াদান্তে)/৫ বছর (মেয়াদান্তে) মেয়াদি স্কিমের মুনাফার পরিমাণ ৫ গুণিতক সংখ্যায় নির্ধারণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ডাকঘর সঞ্চয়পত্র ব্যাংক (সাধারণ হিসাব) কর্মসূচির মুনাফার হার বর্তমানে কম থাকায় এবং ওয়েজ আর্নারদের দেশে অর্থ পাঠানো উৎসাহিত করতে পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
এ ক্ষেত্রে বিদ্যমান সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সমন্বয়পূর্বক বর্তমান মুনাফার হারের সমান যথাক্রমে ৭.৫% এবং ১২% নির্ধারণ করা হয়েছে। সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বিধান বহাল রাখা হয়েছে। তবে বিলুপ্ত করা হয়েছে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম দেওয়ার বর্তমান বিধান।