সঞ্চয়পত্রের সুদ কমানোয় অসন্তোষ কৃষিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের সুদের হার কমানোয় অসন্তোষ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি সুদের হার কমানোর প্রভাব সম্পর্কে অর্থমন্ত্রীকে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার সংসদে ২০১৫–১৬ অর্থবছরের জাতীয় বাজেট আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। ব্যাংকের আমানতেও সুদের হার কম। এতে মধ্যবিত্তের আয়ের স্তর কমে যাবে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোয় মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত প্রবীণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কর্মচারীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আমি মনে করি, এতে লাখ লাখ পরিবারের আয় কমে যাবে। সঞ্চয়পত্র কেনেন সাধারণত অবসরপ্রাপ্ত প্রবীণ লোকেরা। এঁদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রবীণদের সংখ্যা দেড় কোটির ওপরে। এঁদের প্রতি সরকারের দায়িত্ব আছে।’ তিনি বলেন, ‘এঁরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নাই। এঁরা কারও কাছে হাত পাততে পারেন না। ট্রাকের লাইনে দাঁড়াতে পারেন না। অথচ এঁরা মধ্যবিত্ত। শিক্ষক, কর্মচারী, বিধবা মহিলা, অবসরপ্রাপ্ত মানুষের আয় হ্রাস করে বাজার সৃষ্টি হবে কীভাবে? কারণ এঁরাই ক্রেতা। এঁদের আয় কমলে ভোগ বাড়বে কী করে? অর্থমন্ত্রীকে বলব গভীরভাবে ভাবতে।’ তিনি বলেন, ‘এই বয়সে তাঁরা ব্যবসায়ী হতে পারবেন না। তাঁদের জন্য রেয়াতের ব্যবস্থা করলে আমি অন্যায় কিছু দেখি না। ঋণখেলাপিদের বিষয়ে সরকার যদি তৎপর হয়, সেটাই ভালো।’
বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সাংসদ আবু সাইদ আল মাহমুদ বলেন, ‘উন্নয়নে ও বাজেট প্রণয়নে জনপ্রতিনিধিদের ও জনগণের অধিকার চাই।’ পরবর্তী তিন অর্থবছরের জন্য সংসদীয় এলাকার উন্নয়নে ১০০ কোটি করে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘সাংসদদের টাকা দেওয়ার দরকার নেই। আমরা উন্নয়নের পরিকল্পনা করতে চাই। ১০০ কোটি টাকা করে দেওয়া হলে তিন বছরে যে উন্নয়ন হবে, ২০ বছরেও তা হবে না।’ এ ছাড়া গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে রংপুর পর্যন্ত সড়ক চার লেন করারও দাবি জানান তিনি।
বাজেট আলোচনায় আরও অংশ নেন মেহের আফরোজ চুমকী, ফারুক খান, মাহবুব আলী, নূরুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।