সঞ্জয় বণিকের রবীন্দ্রসংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে গান করেন শিল্পী সঞ্জয় বণিক
টিআইসিতে গান করেন শিল্পী সঞ্জয় বণিক

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তন দর্শকে কানায় কানায় পূর্ণ। নীরবতা ভেঙে শিল্পী সঞ্জয় বণিক শুরু করলেন ‘প্রথম আদি শিব শক্তি’ গানের মাধ্যমে। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটরিয়াম। গত ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন সঞ্জয় বণিকের একক রবীন্দ্রসংগীত আসরের আয়োজন করে। নবীন এই শিল্পীর গায়কী ও সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে দর্শকদের।
‘ও আমার দেশের মাটি’, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘আলো আমার আলো’, ‘আমি কান পেতে রই’, ‘ঘরেতে ভ্রমর এল’সহ বেশ কিছু গান একটানা করেন শিল্পী। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে শুভেচ্ছা বক্তব্য দেন লিটন মিত্র ও শান্তা গুহ। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন ও বিশেষ অতিথি অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত।
অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথের গান বাঙালির জীবনে যুগ যুগ ধরে টিকে থাকবে। তাঁর গানের মধ্যে জীবনের প্রতিটি মুহূর্ত খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথের গানের সৌন্দর্য বিলীন হবে না কখনো। সঞ্জয়ের মতো নবীন শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান বেঁচে থাকবে আরও বহুকাল। জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন শিল্পী শান্তা গুহ।
কথামালা শেষে শিল্পী সঞ্জয় গেয়ে শোনান ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘গহন কুসুম কুঞ্জ মাঝে’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’, ‘দিবস রজনী’, ‘যদি তোর ডাক শুনে’ ও ‘তুমি রবে নীরবে’ গানগুলো। ‘পুরানো সেই দিনের কথা’ গানটির মাধ্যমে শেষ হয় তাঁর পরিবেশনা।