চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র সঞ্জয় তলাপাত্রের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৮ সালের ২০ আগস্ট ছাত্রশিবিরের সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার দুই দিন পর মৃত্যুবরণ করেন সঞ্জয়। তাঁর মৃত্যুর ১১ বছর পার হলেও শিবিরের সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। তাঁরা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তছলিম উদ্দিন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম জেলার সভাপতি তৌহিদ টিপু প্রমুখ।প্রসঙ্গত, ছাত্র ইউনিয়ন ১৯৯৯ সাল থেকে ২২ আগস্টকে ‘সঞ্জয় দিবস’ হিসেবে পালন করে আসছে। তখন থেকেই সংগঠনটি সঞ্জয় হত্যার বিচার চেয়ে আসছে।