সঠিক ইতিহাস রক্ষা এবং ব্যাপকভাবে মুক্তিদ্ধের ইতিহাস চর্চা ও গবেষণার জন্য ইতিহাসের শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ইতিহাসের শিক্ষকেরাই শিক্ষার্থীদের অসম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য ভূমিকা রাখতে পারেন। খুলনায় বাংলাদেশ ইতিহাস সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গত বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হয়। বাংলাদেশ ইতিহাস সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী সম্মেলনের পাশাপাশি বিভিন্ন পর্বে ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।বর্তমানে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা, জ্ঞানচর্চা, দেশপ্রেম ও মূল্যবোধের আদর্শে যুগোপযোগী ও বিশ্বমানের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।বৃহস্পতিবার সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত ইতিহাসবিদ ড. আহমেদ কামালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক আহমেদ ও কলেজ শিক্ষক ইতিহাস সমিতি খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক ও বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোল্লা আমির হোসেন। সম্মেলনে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ জন ইতিহাসবিষয়ক অধ্যাপক ও গবেষক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাসের শিক্ষকসহ দুই শতাধিক ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানে ইতিহাস বিষয়ে গবেষণা ও অবদানের জন্য প্রখ্যাত ইতিহাসবিদ ড. সিরাজুল ইসলামকে ইতিহাস সমিতির পক্ষ থেকে স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া কলেজ শিক্ষক ইতিহাস সমিতির ১২ বছর পূর্তি উপলক্ষে শিক্ষামন্ত্রীকে ক্রেস্ট দেওয়া হয়। বৃহস্পতিবার সম্মেলন উদ্বোধনের পর থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন পর্বে ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে ইতিহাসভিত্তিক শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সব শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পটগান ও অষ্টক গান পরিবেশন করেন সংগীত সংগঠন রূপান্তর এর শিল্পীরা।