সঠিক ইতিহাসচর্চার ধারায় দেশ এগোচ্ছে: ইনু

সরকার সঠিক ইতিহাস চর্চা এবং সাংস্কৃতিক চর্চার ধারায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘এই সরকার কূপমণ্ডূকতাকে বর্জন করেছে; কুসংস্কারকে বর্জন করেছে; ধর্মান্ধতাকে বর্জন করেছে; বিকৃতির ইতিহাসকে বর্জন করেছে; সঠিক ইতিহাসচর্চা এবং সঠিক সাংস্কৃতিক চর্চার ধারায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এ কাজটি অব্যাহত রাখব। আর বাকি কাজগুলো চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তদের সমাধা করতে হবে।’
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিএফডিসি আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যসচিব মরতুজা আহমদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
স্বাগত বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ হোসেন জেমি, অনিমেষ আইচ, জাকির হোসেন রাজু প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের বিকাশ সাধনের জন্য অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক একটি রাজনৈতিক আবহাওয়া চলচ্চিত্রসেবীদের ওপরে ছাতা হিসেবে থাকবে, যাতে তাঁরা সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণ করতে পারেন।
তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র জগৎকে গতিশীল রাখার জন্য কী করা দরকার সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। কর্মকর্তারাও এ বিষয়টি দেখবেন। চলচ্চিত্র করপোরেশনকে আধুনিক করা, ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা, নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নেওয়া-এ কাজগুলো ইতিমধ্যেই সরকার হাতে নিয়েছে।
সকালে বিএফডিসির চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫-এর তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলী উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এফডিসি থেকে শুরু শোভাযাত্রাটি সোনারগাঁও মোড় হয়ে আবার এফডিসিতে গিয়ে শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে এফডিসি’র জহির রায়হান মিলনায়তনে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি এফডিসি চত্বরে মেলার আয়োজনও রয়েছে। তথ্যমন্ত্রী চলচ্চিত্র পরিবেশক সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন।