প্রাণিসম্পদ বিজ্ঞানীরা বলেছেন, দুধের উৎপাদন বৃদ্ধির প্রধান অন্তরায় হচ্ছে কৃষকের চাহিদা অনুযায়ী ভালো জাতের ষাঁড় বা সিমেন না পাওয়া। সঠিক ও উচ্চতর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রজনন ষাঁড়ের সংখ্যা বৃদ্ধি করে উন্নত বীজষাঁড় উৎপাদন সম্ভব।ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের সম্মেলনকক্ষে ‘বীজষাঁড় উৎপাদন’ শীর্ষক কর্মশালায় গতকাল মঙ্গলবার তাঁরা এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক এম এ সামাদ খান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক ও বিশেষ অতিথি ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক মো. মোহসীন আলী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। কর্মশালায় ৪৯ জন খামারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) ও ব্র্যাকের প্রতিনিধি, জেলা-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীসহ শতাধিক প্রাণিসম্পদ বিজ্ঞানী অংশ নেন।