সঠিক ওজন দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে শ্রমিকদের মাঝে সঠিক ওজন দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চা-বাগান চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। ২০ জুন ওজনে কম দেওয়ার খাদ্যসামগ্রীবাহী ট্রাক ফেরত পাঠিয়েছিলেন ক্ষুব্ধ শ্রমিকেরা।
গতকাল বেলা দুইটায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একসঙ্গে তিন কিস্তির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুরজিৎ পাল জানান, বছরে তিন কিস্তিতে সমাজসেবা অধিদপ্তরের বিশেষ খাদ্য সহায়তার অধীনে (প্রতি কিস্তিতে) প্রত্যেক চা–শ্রমিককে ১৫ কেজি চাল, তিন কেজি মসুর ডাল, পাঁচ কেজি আটা, দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি আলু, দুটি সাবান বিতরণ করার কথা। জুন মাসের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শেষ করার লক্ষ্যে ২০ জুন চা-বাগানের ১৫০ জন চা-শ্রমিকের মাঝে একসঙ্গে তিন কিস্তির খাদ্যসামগ্যী ৪৫ কেজি চাল, নয় কেজি মসুরের ডাল, ১৫ কেজি আটা, ছয় লিটার তেল, ১৫ কেজি আলু, ছয়টি সাবান ও শেষ কিস্তির একটি করে লুঙ্গি (পুরুষদের) ও একটি করে শাড়ি বিতরণের কথা ছিল। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান পাঁচ কেজি চাল, তিন কেজি ডাল, তিন কেজি আটা ও দুই কেজি আলু কম দিয়েছিল। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ হলে খাদ্যসামগ্রীর প্যাকেট ওজন দিয়ে কম পাওয়ার সত্যতা পাওয়া যায়। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান পরে সঠিক পরিমাপে খাদ্যসামগ্রী বিতরণের আশ্বাস দেন। এ নিয়ে ২১ জুন প্রথম আলোতে ‘ওজনে কম থাকায় খাদ্যসামগ্রী ফেরত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।