জীবনটা ভালোই চলছিল তাঁর। প্রথম সন্তান ছিল মেয়ে। নগরের বহদ্দারহাটের এই গৃহবধূ আশায় বুক বেঁধেছিলেন যেন দ্বিতীয় সন্তানটি ছেলে হয়। গত ৮ আগস্ট তাঁর আশা পূর্ণ করে কোল আলো করে এল ফুটফুটে এক ছেলে। কিন্তু মায়ের মনে ভর করে আশঙ্কা। তাঁর শরীর থেকে নবজাতকের শরীরে এইচআইভির সংক্রমণ ঘটেনি তো!
দেড় মাস পর পরীক্ষা করে যখন জানা গেল সন্তানটি ভাইরাসমুক্ত, তখন মায়ের খুশি দেখে কে! এই মা অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম পর্যায়ে জানতেন না তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে তাঁর শরীরে এইচআইভির জীবাণু শনাক্ত হয়, তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসা চলতে থাকে।
সরকারের এই প্রকল্পটির উদ্দেশ্য মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করা। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
গত এক বছরে এই প্রকল্পের আওতায় চিকিৎসা নেওয়া পাঁচজন মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেছেন। পরীক্ষা করে চার শিশুর শরীরে এইচআইভির জীবাণু পাওয়া যায়নি। অন্য শিশুটির কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা হবে।
জানা গেছে, পাঁচ মায়ের মধ্যে একজনের অস্ত্রোপচারে সন্তান প্রসব হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহানারা চৌধুরী অস্ত্রোপচার করেন। পাঁচ নবজাতকের মধ্যে চারজনই ছেলেশিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মায়ের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, অস্ত্রোপচার—সবই হয় পৃথক ব্যবস্থাপনায়।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিক সময়ে ওষুধ (এআরভি) প্রয়োগের কারণে এইচআইভি আক্রান্ত মায়েদের ভাইরাসমুক্ত সন্তান জন্মদান সম্ভব হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এইচআইভি এইডস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এইচআইভি শনাক্ত হওয়ার পর প্রথমে রোগীকে পরামর্শ দেওয়া (কাউন্সেলিং) প্রয়োজন। পাশাপাশি তাঁদের চিকিৎসা শুরু করা দরকার। আক্রান্ত বাবা ও মায়ের সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করা গেলে সন্তানকে ভাইরাসমুক্ত রাখা যায়।’
প্রকল্পের ব্যবস্থাপক মো. আলী হোসেন জানান, প্রকল্পের আওতায় চিকিৎসা দিয়ে সন্তানদের ভাইরাসমুক্ত রাখতে পেরে বাবা-মায়ের মতো চিকিৎসকেরাও খুশি। তিনি বলেন, ‘সঠিক চিকিৎসার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যাতে নবজাতকের শরীরে সংক্রমণ না ঘটে।’
আশার আলো সোসাইটি ও হোপ নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠান চট্টগ্রামে এইচআইভি ও এইডস রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। চার শতাধিক রোগীকে তারা চিকিৎসা-সহায়তা দিচ্ছে। এরাই অন্তঃসত্ত্বা পাঁচ নারীকে পাঠায় পিএমটিসিটি প্রকল্পে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে বহদ্দারহাটের ওই মায়ের শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। এরপর তাঁর মেয়ে ও স্বামীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মেয়েটি মুক্ত থাকলেও স্বামীর শরীরে ভাইরাস ধরা পড়ে। ওই মা প্রথম আলোকে বলেন, ‘আমি জানতাম না এমন একটি রোগ হয়েছে। তাই সন্তান জন্মের আগে ভয়ে ভয়ে ছিলাম। যখন পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম আমার শিশুটি এইচআইভিমুক্ত, তখন আল্লাহর কাছে হাজার শোকরিয়া করেছি।’
বিশ্ব এইডস দিবস: আজ বিশ্ব এইডস দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল আটটায় শোভাযাত্রা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০টায় সেমিনারের আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় মানুষের সচেতনতা বাড়াতে সকালে শোভাযাত্রার আয়োজন করেছে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এইডস বিষয়ে সেমিনারের আয়োজন করেছে।