সঠিক চিকিৎসায় মাদকাসক্তি নিরাময় সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ব্যক্তিকে সমস্যা মনে না করে আন্তরিকভাবে তার সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এ জন্য পরিবারের সদস্যদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সঠিক চিকিৎসা হলে মাদকাসক্তি পুরোপুরি নিরাময় করা সম্ভব।

আজ মঙ্গলবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৭৬তম অনুষ্ঠানে উপস্থিত মনোরোগ চিকিৎসকেরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, যে ব্যক্তি নেশা করে তাকে সহায়তা ও ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব।’ তিনি অভিভাবকদের হতাশ না হওয়ার পরামর্শ দেন।

মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, মেখলা সরকার, ফারজানা রহমান, জিল্লুর রহমান খান ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। আজ ২৫টি পরিবারের সদস্যরা এই পরামর্শ সহায়তা নেন।

চিকিৎসকেরা বলেন, মাদকাসক্ত ব্যক্তি যে পর্যায়েই মাদক নিক না কেন, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই পরামর্শ শতভাগ মেনে চলতে হবে। মাদকাসক্ত ব্যক্তির মাদকাসক্ত হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করে মুঠোফোন। সেই মুঠোফোনে অনেক সময় মাদক সরবরাহকারী বা মাদক নেয়, এমন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। তাই মাদকাসক্ত ব্যক্তির মুঠোফোন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে প্রতি মাসে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তা হয়। মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে একান্তে কথা বলে চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেন। চিকিৎসকেরা চারটি পৃথক টেবিলে বসে প্রত্যেক ব্যক্তিকে ১২-১৫ মিনিট করে সময় দেন। বিনা মূল্যে এ সেবা দেওয়া হয়।

আগামী ১০ ডিসেম্বর বিকেল চারটায় একই স্থানে পরবর্তী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হবে।