সঠিক তথ্যপ্রবাহে জঙ্গি দমনে বাংলাদেশ-ভারতের ঐকমত্য

সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাস দমনে ঐকমত্য প্রকাশ করেছেন বাংলাদেশ ও ভারতের তথ্যমন্ত্রী।
আজ বুধবার নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকে এ ঐকমত্য হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা বলেন, সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে ইতিহাসবিকৃতি, মিথ্যাচার ও গুজবের ধূম্রজাল ছিন্ন করা, জঙ্গি-সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িকতার বোমা নিষ্ক্রিয় করতে দুই দেশের তথ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।
ঢাকায় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন এবং মুক্তিযুদ্ধের ওপর দুটি পৃথক প্রামাণ্যচিত্র নির্মাণেও বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী ইনু।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২৩ আগস্ট কলকাতায় ‘আকাশবাণী মৈত্রী’ নামে যে নতুন বেতার চ্যানেল উদ্বোধন করবেন, তা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারে শোনা যাবে। ভারত ও বাংলাদেশ দুই দেশের নির্মিত বেতার অনুষ্ঠানই এই মৈত্রী চ্যানেলে স্থান পাবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদানসহ সব ধরনের তথ্য ও সম্প্রচারগত যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশের তথ্য মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নীতিগতভাবে একমত হন দুই মন্ত্রী।
এ ছাড়া বৈঠকে ভারত ও বাংলাদেশে একে অপরের চলচ্চিত্র নিয়ে উৎসব, অডিও-ভিডিও অনুষ্ঠান আদান-প্রদান, কর্মকর্তা-সাংবাদিকদের গমনাগমন, দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে ও যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ ও দূতাবাসের কাউন্সেলর এ এফ এম জাহিদুল ইসলাম এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের সচিব অজয় মিত্তাল, অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের প্রধানেরাসহ তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
তথ্যমন্ত্রী ২১ আগস্ট দেশে ফেরার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইন্ডিয়া ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।