সঠিক তথ্যের ভিত্তিতে মোশাররফের বিরুদ্ধে মামলা: দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সঠিক তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাবুদ্দিন। আর এই ভিত্তিতে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গতকাল বুধবার রাতে খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে দুদক। তাঁকে গুলশান থানায় এবং এরপর রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

আজ সকাল পৌনে ১০টার দিকে খন্দকার মোশাররফকে রমনা থানা থেকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রায় সাড়ে ১২টা পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আহসান আলী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা একটার দিকে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খন্দকার মোশাররফকে আদালতে নিয়ে যাওয়া হবে। তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। 

খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা

গত ৬ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করেন এবং দেশে বিদ্যমান আইন না মেনে বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকিংয়ে স্ত্রীর সঙ্গে যৌথ নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ (নম্বর ১০৮৪৯২) নামের হিসাবে আট লাখ চার হাজার ১৪২ পাউন্ড জমা করেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। বিদেশে জমা করা অর্থের বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা তাঁর আয়কর বিবরণী নথির কোথাও উল্লেখ করেননি।

এজাহারে আরও বলা হয়েছে, বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী বিলকিস কেউই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি।

বিএনপির সাবেক ৫ মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য

বিএনপির সরকারের আমলে (২০০১-০৬) পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। আজ দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাবুদ্দিন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এই কমিশনার আরও জানান, এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।