সঠিক ধারণা না থাকলে শিশুশ্রম নিরসন হবে উচ্চাভিলাষী লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুশ্রমের ধরন সম্পর্কে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঠিক ধারণা না থাকায় ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে শিশুশ্রম নিরসন কেবল উচ্চাভিলাষী লক্ষ্য হয়েই থাকবে। তাই জাতীয় শিশুশ্রম নীতিমালা বাস্তবায়নের জন্য খুব শিগগির একটি কর্মপরিকল্পনা তৈরি করাটা জরুরি।গতকাল মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সহযোগিতায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথভাবে ডেইলি স্টার সেন্টারে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।গোলটেবিলে বক্তারা শ্রম নীতিমালা-২০১০ বাস্তবায়নে অবিলম্বে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী কাজ করার ওপর গুরুত্ব দেন। সেটি হলেই ২০১৫ সালের মধ্যে শিশুদের শ্রমিক হওয়া থেকে মুক্ত করা যাবে। তাঁরা বলেন, শিশুশ্রম নিরসন না হলে অদূর ভবিষ্যতে দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর মুখ থুবড়ে পড়বে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদোয়ানুল হক মূল প্রবন্ধে বলেন, শিশুশ্রমের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে ২০১৫ সালের মধ্যে তা নিরসন সম্ভব হবে না। দেশে পাঁচ থেকে ১৪ বছর বয়সী ৬৫ লাখ শিশুশ্রমিক রয়েছে। এর মধ্যে অন্তত ৪০ শতাংশ ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত।ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, এ দেশে রেমিট্যান্সের (প্রবাসী-আয়) বড় অংশ আসে জনশক্তি থেকে। দক্ষ জনশক্তি গড়ে তোলা না গেলে বিদেশে এ দেশের মানুষের কাজের ক্ষেত্র বাড়বে না। তিনি শিশুশ্রম নিরসন নীতিমালা ও আইএলও কনভেনশন অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দেন।আইএলওর পরিচালক আন্দ্রে বোগুই শিশুশ্রম নিরসনের জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেন।জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র আইনের বাস্তবায়ন ও আইনকে আরও যুগোপযোগী করার ওপর জোর দেন। তিনি বলেন, বহু শিশু কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমান আইনে কৃষিকাজে শিশুশ্রমের বিষয়ে কিছু বলা হয়নি।গোলটেবিল আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিশু অধিকার ফোরামের সম্পাদক কফিল উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। আলোচনায় অংশ নেন ফোরামের সভাপতি ইমরানুল হক চৌধুরী, এনজিওকর্মী মাহমুদুল কবির, ডেইলি স্টার-এর প্রতিরক্ষা ও কৌশলবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম খান, আইএলও পরামর্শক সোফিয়া মার, গবেষক আবদুল হাই মণ্ডল প্রমুখ।