সঠিক পথে থাকার আহ্বান বিচারপতি হাবিবুর রহমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘অতীতে আমরা অনেক বাধা পেরিয়ে এসেছি। নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে আগামীতেও সঠিক পথ অনুসরণ করতে হবে।’গতকাল শুক্রবার বিকেলে দীনেশ গুপ্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, সরোজ মুখার্জি ও বারীণ দত্ত—এই পাঁচ বিপ্লবীর জন্মশতবর্ষের আলোচনা সভার উদ্বোধন করার সময় হাবিবুর রহমান এ কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে বিপ্লবীদের কথা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বিপ্লবীদের অবদানের কথা উল্লেখ করে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, যুগে যুগে জন্ম নেওয়া বিপ্লবীরা তাঁদের আদর্শকে সফলতার পর্যায়ে নিয়ে গেছেন। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিপ্লবীদের আদর্শের ধারা অগ্রসর করে নিতে হবে। নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সাংবাদিক মোজাম্মেল হোসেন বলেন, বিপ্লবীদের মানবিক গুণগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই হবে বড় সার্থকতা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।জসিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে পাঁচ বিপ্লবীর ওপর পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন এম এম আকাশ, শংকর সাঁওজাল, শাহীন রহমান, শংকর আচার্য ও অভিনু কিবরিয়া ইসলাম।