জলবায়ুবিজ্ঞান নিয়ে সমাপনী দিনে বক্তারা
সঠিক পদক্ষেপ না নিলে উপকূলবাসী প্রতিদিনই আইলার মুখে পড়বে
গত বর্ষায় আমন ধানের চারা রোপণের সময় দেশে বৃষ্টিপাত কম হয়েছে। এতে জমিতে চারা রোপণ করতে ১৫ দিন দেরি হওয়ায় আমনের উত্পাদনে প্রভাব পড়েছে। যে কারণে বাজারে চালের দাম বাড়ছে। গতকাল বৃহস্পতিবার জলবায়ুবিজ্ঞান ও নীতিবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সংলাপের সমাপনী দিনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা বলেছেন।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস (বিসিএএস) আয়োজিত এই সংলাপে আব্দুর রাজ্জাক বলেন, জাতিসংঘ ঘোষিত জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ যে অর্থ পাবে, তার বেশির ভাগই জলবায়ু ক্ষতির শিকার মানুষের জন্য ব্যয় করা হবে। বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, সঠিক পদক্ষেপ না নিলে উপকূলবাসী প্রতিদিনই আইলার মুখে পড়বে। সংলাপে উপস্থিত জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সদস্য ভারতের জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রজ গোপাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে হিমালয়ের বরফগলা পানি ওপর থেকে ধেয়ে আসছে। অন্যদিকে বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। সংলাপে দেড় শতাধিক সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।