সঠিক পদ্ধতিতে শেখাতে হবে বিদেশি ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল ‘মাতৃভাষার সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের প্রমুখ l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল ‘মাতৃভাষার সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের প্রমুখ l ছবি: প্রথম আলো

সব জনগোষ্ঠীর মাতৃভাষার সুরক্ষা, প্রত্যেকের জন্য নিজ ভাষায় পড়াশোনার সুযোগ এবং ছাত্রছাত্রীদের সঠিক পদ্ধতিতে বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) মিলনায়তনে গতকাল বুধবার সকালে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আমরা এ দেশে ছাত্রছাত্রীদের সঠিকভাবে বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করতে পারিনি। বর্তমান অবস্থার বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, সে বিষয়ে গুরুত্বসহকারে ভাবতে হবে। আরও বিজ্ঞানসম্মত ব্যবস্থায় এবং নতুন নতুন প্রযুক্তির সহায়তায় বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে।’
‘ফরাসিয়ানা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আইএমএলের নতুন মিলনায়তন উদ্বোধন করেন। তিনি বলেন, একুশ শতকে বিশ্বায়ন ও যোগাযোগের জন্য বিদেশি একাধিক ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিপন্ন ভাষাগুলোর সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আইএমএলের পরিচালক অধ্যাপক ইফফাত আরা নাসরিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর প্রথমবারের মতো ফরাসি ভাষায় স্নাতক প্রোগ্রাম চালু হয়েছে। ভবিষ্যতে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করারও পরিকল্পনা রয়েছে। তিনি ফরাসি ভাষাভাষীদের জন্য আইএমএলে একটি ‘ফ্রাঙ্কোফোনি ক্লাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন।
‘ফ্রাঙ্কোফোনি’ হচ্ছে ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলোর সংগঠন। এটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমান সদস্যদেশ ৫৭টি। তারা প্রতিবছর ফ্রাঙ্কোফোনি বা ফরাসিয়ানা সপ্তাহ পালন করে। বাংলাদেশে এ বছর ১১ থেকে ২০ মার্চ পর্যন্ত ফ্রাঙ্কোফোনি সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের। তিনি ফরাসি ভাষার ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের প্রতিনিধি মেলিনা পাপাজেরগিউ, কানাডার হাইকমিশনারের প্রতিনিধি ড্যানিয়েল লুতফি এবং ক্যামেরুন ও কমোরুর দুই নাগরিক। তাঁরা নিজ নিজ দেশের মানুষের মাতৃভাষার অবস্থার বর্ণনা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী। তিনি ‘মাতৃভাষার সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক মূল বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা চালু করলে শিক্ষার ভিত দৃঢ় হয়, মেয়েদের শিক্ষার হার বাড়ে এবং দ্বিতীয় ভাষা শেখার সুযোগও বাড়ে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় মাতৃভাষার প্রতি অনুরাগ প্রশংসনীয়। সেখানে বহুভাষিক সংস্কৃতির মধ্যেও মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এমনকি ভারতের কয়েকটি রাজ্যেও শিশুদের স্থানীয় নৃগোষ্ঠীগুলোর ভাষায় পড়ানো হচ্ছে।
আইএমএলের অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস ও তাঁর কয়েকজন সহকর্মী, আইএমএলের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।