এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, দেশের ৫০ শতাংশ গর্ভবতী মা রক্তস্বল্পতায় ভোগেন। সঠিক পরামর্শ মাতৃপুষ্টির উন্নতি করে। হাতে-কলমে প্রশিক্ষণ দিলে গর্ভকালে মায়ের খাদ্যে বৈচিত্র্য আসে। গর্ভধারণকালে ১৮০টি ক্যালসিয়াম বড়ি সেবন করলে মায়ের ওজন বাড়ে।
চারটি জেলায় বেসরকারি মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির ওপর গবেষণার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই ফলাফল উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর, ব্র্যাক, কানাডীয় দূতাবাস, বেসরকারি প্রতিষ্ঠান অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ময়মনসিংহ, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার ১০৭টি ইউনিয়নে ২০১৪ সাল থেকে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন করছে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ। কর্মসূচির আওতায় এলাকার গর্ভবতী মায়েদের আয়রন ও ক্যালসিয়াম বড়ি দেওয়ার পাশাপাশি তাঁদের নিয়মিত ওজন মাপা হয়। গর্ভবতী নারীর স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের খাদ্যবৈচিত্র্য ও খাবারের গুণাগুণ সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের দেশি ব্যবস্থাপক জেবা মাহমুদ বলেন, শুধু মায়ের পুষ্টির উন্নতিতে এ রকম কোনো উদ্যোগ দেশে এটাই প্রথম।
এই কর্মসূচি নিয়ে গবেষণা করেছে ব্র্যাক। গবেষণায় দেখা গেছে, কর্মসূচি শুরুর আগের তুলনায় গর্ভবতী মায়ের খাদ্যে বৈচিত্র্য বেশি এসেছে। গর্ভবতী মায়ের ওজন মাপার প্রবণতা বেড়েছে।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যে ক্যালসিয়াম বড়ির প্রভাব নিয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান মাহফুজার রহমান। তিনি বলেন, গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। ঝুঁকি কমাতে বিশ্বস্বাস্থ্য সংস্থা গর্ভবতী মায়ের জন্য দৈনিক ১.৫ থেকে ২ গ্রাম ক্যালসিয়ামের সুপারিশ করেছে। কর্মসূচি এলাকায় গর্ভবতী মায়েদের দৈনিক ৫০০ মিলিগ্রামের একটি করে ক্যালসিয়াম বড়ি দেওয়া হতো। এতে দেখা গেছে, গর্ভবতী মায়েদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমেছে। আর ১৮০টি বড়ি খেয়েছেন এমন মায়েদের ওজন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সরকারি মাঠকর্মীদের সঙ্গে এনজিওর মাঠকর্মীরা একজোট হয়ে কাজ করলে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি দ্রুততর হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মহাপরিচালক রওনক জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচি) মোহাম্মদ শরীফ, কানাডীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি যোসেফ সেভাতু, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা প্রমুখ বক্তব্য দেন।