সঠিক পরিকল্পনা ও তা বাস্তবায়ন হলে যানজট হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর আওয়ামী লীগ সব মিলিয়ে সাড়ে নয় বছর ক্ষমতায় ছিল। বাকি ৩০ বছর যেসব সরকার দেশ পরিচালনা করেছে, তারা ঠিকমতো পরিকল্পনা করলে এবং তা বাস্তবায়ন করলে ঢাকায় এ রকম যানজট হতো না। গতকাল মঙ্গলবার সকালে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ঢাকার যানজট দূর করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর সরকার ঢাকার যানজট দূর করার জন্য আশপাশের জেলা শহরের সঙ্গে কমিউটার রেল ও নৌব্যবস্থা গড়ে তুলবে। পাশাপাশি ঢাকার চার পাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলা এবং রেললাইনগুলোর ওপরে আরও ছয়টি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। শেখ হাসিনা র্যাংগস ভবন ভাঙার সময় নিহত শ্রমিকদের কথা স্মরণ করে বলেন, যে সরকার এই জায়গায় অবৈধভাবে ভবন তৈরির অনুমতি দিয়েছিল, ওই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়দায়িত্ব তাদের ওপরও বর্তায়। প্রধানমন্ত্রী মূল অনুষ্ঠানস্থলে আসার আগে বিজয় সরণিপ্রান্তে সড়কের ফলক উন্মোচন করেন। এর পর তিনি গাড়িতে পুরো সড়ক ঘুরে দেখেন। একপর্যায়ে গাড়ি থেকে নেমে উড়ালসেতুর রেলিংয়ে দাঁড়িয়ে নিচে রেললাইনের দুই পাশের বস্তিবাসীদের খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণের প্রাক্কলিত ব্যয় ছিল ১২২ কোটি টাকা। খরচ হয়েছে ১১৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে ১৩টি পুকুর বা জলাধার ছিল। এখনো শহরে যেগুলো টিকে আছে পরিবেশের স্বার্থে সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য রাজউকের প্রতি আবারও নির্দেশ দিয়ে তিনি বলেন, রাজধানীতে বেসরকারিভাবে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠছে সেখানে শিশুদের জন্য বাধ্যতামূলকভাবে খেলার মাঠ রাখতে হবে। রাজউক ঢাকায় ৫০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভাড়ার সমপরিমাণ টাকায় এগুলো বরাদ্দ দেওয়া যায়। বিদ্যুৎ ও পানি সমস্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দিনের আলো এক ঘণ্টা বেশি ব্যবহারের কারণে দৈনিক ২০০ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হতো। এতে সকালে স্কুলে যেতে শিশুদের কিছু অসুবিধা হতো। তবে দীর্ঘ সময় যাঁরা ঘুমাতে চান তাঁরা দিনের আলো ব্যবহারের উদ্যোগ সমর্থন করেননি। বিদ্যুৎ ও পানি সরবরাহ সমস্যার বিষয়ে শেখ হাসিনা বলেন, লোডশেডিং হওয়ার কথা নয়, এমন অনেক জায়গাও শিডিউলের বাইরে লোডশেডিং হয়। বিশেষ করে আজানের আগে লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। যারা এসব কারসাজির সঙ্গে জড়িত তাদের শাস্তি দেওয়া হবে। পানির ক্ষেত্রেও একই বিষয় ঘটছে। পানির পাম্প চলছে, কিন্তু সরবরাহের চাবি বন্ধ করে রাখা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে ঝটিকা সফরে যাওয়ার দায়িত্ব দেওয়ার পর হাতেনাতে বেশ কয়েকজন ধরাও পড়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান ও রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা। পূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান সভাপতিত্ব করেন। এ ছাড়া অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, চিফ হুইপ আবদুস শহীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরসহ ঢাকার সাংসদেরা উপস্থিত ছিলেন।