সঠিক পানি ব্যবস্থাপনা বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চলমান বিদ্যুৎ-সমস্যার সমাধান করা সম্ভব। এ জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন। বক্তারা শুধু প্রকৌশলবিদ্যা দিয়ে পানি ব্যবস্থাপনার চিন্তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ সব জ্ঞানকাণ্ডকে পানি-সমস্যার সমাধানে কাজে লাগাতে হবে।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে বর্ষায় বেশি পানির কারণে বন্যা হয়। শুকনো মৌসুমে পানিসংকট লেগেই থাকে।এ সমস্যার কারণে দেশে কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট দূর করে সারা বছর প্রয়োজনীয় পানি প্রাপ্তি নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। রাজধানীর এক হোটেলে আয়োজিত কর্মশালায় দক্ষিণ এশিয়ার খ্যাতনামা পানি-বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা পানি-সমস্যার সমাধানে বুয়েটসহ দেশের সব কটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তযোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।কর্মশালায় শিক্ষামন্ত্রী আরও বলেন, পানিসম্পদের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভয়াবহ পানিসংকটে ভুগছে। পানিসম্পদকে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও কৃষি উন্নয়নে কাজে লাগাতে উপযুক্ত নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রয়োজন। এ জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যুযোপযোগী সংস্কার প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, পানি-সমস্যার সমাধান হলে বিদ্যুৎ-সমস্যার সমাধান হবে। এ জন্য নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক বাড়াতে হবে।বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সেক্রেটারি আনড্রে ভার্মিয়ার বলেন, বাংলাদেশের পানি ব্যবস্থাপনার উন্নয়নে নেদারল্যান্ড সরকার আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাবে। নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং নেদারল্যান্ডের ওয়াগেনিনগ বিশ্ববিদ্যালয় ও ভারতের ইন্টার ডিসিপ্লিনারি ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টের (সাকি ওয়াটারস) সহায়তায় পানিসম্পদ রক্ষায় সক্ষমতা বৃদ্ধির জন্য ‘ন্যাশনাল স্টেকহোল্ডারস ওয়ার্কশপ অন ইন্টার ডিসিপ্লিনারি এডুকেশন ইন ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন সাউথ এশিয়া’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিএএস এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে।