সঠিক মাপের পতাকার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ডাকঘরে প্রায় সারা বছরই বিশেষ একটি মোড়ক আসে ঠিকানা অনুযায়ী সরবরাহ করার জন্য। জিনিসটি হলো সঠিক মাপের জাতীয় পতাকা। সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই মাপের পতাকা ব্যবহার করা হয়, এ জন্য রাজধানী ঢাকার ‘গৌরব’ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান এ কাজটি করে থাকেন। ২৪০ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানটি উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক মাপের এই জাতীয় পতাকা সরবরাহ করে থাকে।
উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, ‘প্রথমবার জাতীয় পতাকা হাতে পেয়ে অবাক হয়েছিলাম। এখন তাঁর পাঠানো জাতীয় পতাকাই ব্যবহার করি।’
রায়গঞ্জ উপজেলা ডাকঘরের কর্মচারী আবু বকর সিদ্দিক বলেন, ডাকঘরে চাকরি করতে এসে মানুষের হাতে অনেক কিছু পৌঁছে দিতে হয়েছে। তবে এই জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার কাজটি যখন করেন, তখন সম্পূর্ণ ভিন্ন এক ধরনের অনুভূতি হয় বলে তিনি জানান।
এ বিষয়ে গৌরবের প্রধান এম হাসান গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকার বেহাল দশা ও পতাকার নানা রকম ভুল মাপের বিষয়টি খেয়াল করে এ কাজে নেমে পড়ি। নিজের পকেটের টাকা খরচ করে জাতীয় পতাকা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়। যে প্রতিষ্ঠানে পাঠানো হয়, সেই প্রতিষ্ঠান চাইলে এটি গ্রহণ করে। না চাইলে ফেরত পাঠিয়ে দেয়। যে প্রতিষ্ঠানের জন্য পতাকা পাঠানো হবে, প্রথমে চিঠি লিখে ওই প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি নেওয়া হয়।’