সঠিক শিক্ষা, চিকিৎসা ব্যবস্থাপনার তাগিদ
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, যৌনকর্মকে শরীরচর্চার সঙ্গে তুলনা করা হয়। যৌনকর্ম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্পর্ক দৃঢ় করে। তবে যৌন অক্ষমতার কারণে সঙ্গী অসন্তুষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়। সঠিক শিক্ষা, চিকিৎসা ও ব্যবস্থাপনায় যৌন অক্ষমতা দূর করা যায়।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত ‘যৌন অক্ষমতা ব্যবস্থাপনা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে তাঁরা এ কথা বলেন। ইউনিহেলথ ফার্মার সহায়তায় সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সচুয়াল মেডিসিন এই সেমিনারের আয়োজন করে।
কক্সবাজার মেডিকেল কলেজের ডারমাটোলজি ও ভেনেরিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কাশেম চৌধুরী যৌনকর্মের স্বাস্থ্যগত সুফলের কথা বলেন। তিনি বলেন, যৌনকর্ম কিছু ক্ষেত্রে শরীরের ব্যথা কমিয়ে দেয়, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়, শরীরের কিছু অংশের পেশী দৃঢ় করে এবং ঘুমে সহায়তা করে।
সেমিনারে পুরুষের ‘ইরেকটাইল ডিসফাংশন’ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আমিন বলেন, প্রতিবছর বিশ্বব্যাপী নতুন পাঁচ লাখ মানুষ এ সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান। ১৯৯৫ সালে এ সমস্যায় আক্রান্ত পুরুষ ছিল ১৫ কোটি ২৭ লাখ। আর ২০২৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৩২ কোটি ২৪ লাখে।
সেমিনারে বলা হয়, ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের এ সমস্যা বেশি। যুক্তরাষ্ট্রে করা এক জরিপের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ডায়াবেটিস রোগীদের ৩২ শতাংশ ইরেকটাইল ডিসফাংশনের শিকার। ডায়াবেটিস ও হৃদ্রোগ আছে, এমন ৪০ শতাংশ মানুষ এতে ভুগছে। ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে তা বেড়ে দাঁড়ায় ৪৬ শতাংশে।
বারডেম হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান মির্জা এম এইচ ফয়সাল বলেন, রোগীরা যৌন সমস্যা নিয়ে কথা বলতে লজ্জা বোধ করেন। অন্যদিকে রোগীদের এ সমস্যার বিষয়ে সিংহভাগ চিকিৎসক কোনো গুরুত্বই দেন না। বিএসএমএমইউয়ের ফিজিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম মাকসুদ বলেন, যৌন অক্ষমতা দুষ্টচক্রের মতো। অক্ষমতার কারণে স্বামী বা স্ত্রী অসন্তুষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে এর প্রভাব পড়ে সম্পর্কের ওপর। সমস্যা নির্ণয় ও সঠিক চিকিৎসা এর সমাধান দিতে পারে।