সঠিক সময়ে দুর্যোগের পূর্বাভাস কৃষকের ক্ষতি কমাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন কমে যাবে। ফলে বিশ্বব্যাপী খাদ্যাভাব দেখা দিতে পারে। কিন্তু সঠিক সময়ে পূর্বাভাস পেলে দুর্যোগের ক্ষতি অর্ধেক কমানো সম্ভব।
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভিআইপি সভাকক্ষে গতকাল সোমবার এক অনুষ্ঠান হয়। ‘অ্যাগ্রো মেটিরিওলজি ও ক্রপ মডেলিং সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ ৯৩টি দুর্যোগের কবলে পড়ে। এ সময়ে দেশের কৃষি ও অবকাঠামো খাতে ৫৯০ কোটি ডলারের ক্ষতি হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির কৃষি পরিসংখ্যান বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়াজ মো. ফরহাত রহমান। এতে বলা হয়, বাংলাদেশের বর্তমান তাপমাত্রা আর ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে গম চাষ ব্যাহত হবে। ধানগাছের কচি থোড় থেকে ফুল ফোটার সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হলে ধানে চিটা হবে। অতিরিক্ত তাপ ও আর্দ্রতার কারণে গাছের ছত্রাক রোগ বাড়ে। একইভাবে পোকামাকড়ও বাড়িয়ে দেয়।
প্রবন্ধে আরও বলা হয়, কম বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত জমির পরিমাণ বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতিবছর ৩০ থেকে ৪০ লাখ হেক্টর জমি খরায় আক্রান্ত হয়। এদিকে প্রতিবছর হাজার হাজার একর পাকা বোরো ধান আকস্মিক বন্যায় নষ্ট হচ্ছে। এসব ক্ষেত্রে পূর্বাভাস ও শস্য উৎপাদনের নকশা করে ক্ষতি অনেকটা কমানো সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ, ব্রির পরিচালক (গবেষণা) আনছার আলী এবং উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়ক এম এ ছালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন) শাহজাহান কবীর।