জননিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের কাছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ চাইলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে ‘ব্লেম গেম’(পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি) থেকে দূরে থাকতে রাজনীতিবিদদের তাগিদ দেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘জননিরাপত্তা ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন৷ গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটি এ সেমিনারের আয়োজন করে৷
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘যাদের কেউ স্পর্শ করার সাহস পেত না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাদের সবার উচিত সরকারকে অভিনন্দন জানানো। এখন অপেক্ষা করি, সরকার কী করে।’
সেমিনারে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেই সমাজে সমস্যা তৈরি হয়।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার জনসমর্থন থেকে দূরে সরে গেলে রাষ্ট্রীয় সংগঠনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নারায়ণগঞ্জের ঘটনায় প্রমাণ হয়ে গেছে, রাষ্ট্রীয় সংগঠনে সরকারের নিয়ন্ত্রণ নেই।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমানুল্লাহ, সাংবাদিক অজয় দাশ, গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটির সভাপতি আহসান হাবীব প্রমুখ বক্তব্য দেন।